প্রদীপের নিচে অন্ধকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বেশির ভাগ আবর্জনা চলে যায় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মাতুয়াইল ল্যান্ডফিলে। তাই দুর্গন্ধে মাতুয়াইল ইউনিয়নের সব গ্রামের বাতাস ভারী হয়ে থাকে। অথচ গ্রামগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় প্রশাসন থেকে কোনো বরাদ্দ নেই। এভাবেই নানা নাগরিক-সেবা থেকে বঞ্চিত হচ্ছে ঢাকা মহানগরের ইউনিয়নবাসী।মহানগরে ১৭টি ইউনিয়ন রয়েছে। তেজগাঁও সার্কেলের আওতায় থাকা এই ইউনিয়নগুলো হলো: সুলতানগঞ্জ, শ্যামপুর, দনিয়া, ডেমরা, মাতুয়াইল, সারুলিয়া, মান্ডা, দক্ষিণগাঁও, বাড্ডা, সাঁতারকুল, বেরাইদ, ডুমনী, ভাটারা, উত্তরখান, দক্ষিণখান, হরিরামপুুর ও নাসিরাবাদ।সুলতানগঞ্জ (কামরাঙ্গীরচর) ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি সব ইউনিয়ন পরিষদে এখন নির্বাচনী প্রচারণা চলছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদপ্রার্থীরা নিজ নিজ ইউনিয়নবাসীকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ইউনিয়নগুলোর একাধিক বাসিন্দা জানান, অনেক প্রতিশ্রুতিই আলোর মুখ দেখবে না। কারণ, ইউনিয়নে ডিসিসির মতো করে নাগরিক-সেবা দেওয়ার সুযোগ নেই। গ্রাম ও নগরের মিশ্র প্রশাসনের আওতায় থাকায় নগরের ইউনিয়নবাসী গ্রামের সব সুবিধা পাচ্ছে না। আবার নগরের সব সেবাও পাচ্ছে না তারা।তেজগাঁও সার্কেল সূত্রে জানা যায়, ২০১০ সালে তাদের নিজস্ব জরিপ অনুযায়ী ১৭টি ইউনিয়নে লোকসংখ্যা ৫২ লাখ। ডিসিসির একটি ওয়ার্ড প্রতি অর্থবছরে ৫০ লাখ টাকা রুটিন বরাদ্দ পায়। আবার বিশেষ বরাদ্দের মাধ্যমেও ওয়ার্ডগুলোর উন্নয়নের কাজ করা হয়। ওয়ার্ডের চেয়ে আয়তনে বড় হলেও একটি অর্থবছরে একেকটি ইউনিয়ন রুটিন বরাদ্দ পাচ্ছে লাখ ছয়েক টাকা। কারণ, ১৭টি ইউনিয়নের জন্য বার্ষিক উন্নয়ন বরাদ্দ থাকে এক কোটি টাকা। অথচ ইউনিয়নগুলো অবকাঠামোগত দিক দিয়েও ডিসিসির ওয়ার্ডগুলোর চেয়ে অনেক পিছিয়ে আছে।খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নগুলোর অনেক এলাকার যোগাযোগ অবকাঠামো বেহালে আছে। ইউনিয়নগুলোর বেশির ভাগ এলাকায় নেই ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাসের সেবা। আবার বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয় ঢাকা পূর্বাঞ্চলের ইউনিয়নের এলাকাগুলো। ইউনিয়নগুলোয় নাগরিক সেবার মানোন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ইউনিয়নবাসী।ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বীর প্রতীক জানান, সরকার থেকে যে বরাদ্দ পাওয়া যায়, তা দিয়ে সব গ্রামের উন্নয়ন করা সম্ভব হয় না।একই প্রসঙ্গে সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ রশিদ সরকার জানান, মহানগরের ইউনিয়নের এলাকাগুলোকে ডিসিসির আওতায় নেওয়া উচিত। এ ছাড়া এগুলোর উন্নয়নে গতি আসবে না।ঢাকা মহানগরের ইউনিয়নগুলো ডিসিসির আওতায় এলে পৌর করসহ নানা রকম কর দিতে হবে বাড়ি ও জমির মালিকদের। এ জন্য ভূস্বামী ও স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ডিসিসির অধীনে আসতে ইচ্ছুক নন। তবে এলাকার উন্নয়ন, নাগরিক-সুবিধা বৃদ্ধি, পরিকল্পিত রাস্তাঘাট ও দালানকোঠা নির্মাণের জন্য ইউনিয়নগুলো ডিসিসির আওতায় যাওয়া উচিত বলে একাধিক বাসিন্দা জানান।ঢাকা মহানগরের ইউনিয়নগুলোর উন্নয়ন বরাদ্দ যে প্রয়োজনের তুলনায় কম, সে কথা স্বীকার করেন তেজগাঁও সার্কেলের কর্মকর্তা নিরোদ চন্দ্র মণ্ডল। তিনি জানান, প্রতিবছর রুটিন বরাদ্দের বাইরেও ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মাধ্যমে বেশ কিছু উন্নয়নের কাজ হয়। এ ছাড়া ইউনিয়নের নিজস্ব আয় থেকেও উন্নয়নের কাজ করা হয়। আবার অনেক সময় সরকারের বিশেষ বরাদ্দের মাধ্যমেও কিছু কাজ করা হয়।মশক নিধন কার্যক্রম নেই‘সন্ধ্যা হলে ঝাঁকে ঝাঁকে মশা আসে বাসায়। মশার হাত থেকে রক্ষা পেতে মশারির ভেতরে ঢুকে পড়তে হয়।’ বলছিলেন দক্ষিণগাঁও ইউনিয়নের উত্তর মানিকদিয়ার বাসিন্দা মেহেদী হাসান।ঢাকা সিটি করপোশেনের (ডিসিসি) এলাকাগুলোয় শীতের সময় মশার যন্ত্রণা বেড়ে যায়। আর গ্রীষ্ম-বর্ষায় মশার দৌরাত্ম্য অনেকটাই কমে আসে। অথচ ঢাকা মহানগরের ইউনিয়নবাসীকে সারা বছরই মশার যন্ত্রণার মধ্যে থাকতে হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিসিসির ৯০টি ওয়ার্ডের মশক নিধন কার্যক্রম থাকলেও ইউনিয়নগুলোয় কোনো বরাদ্দ নেই। ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে মশক নিধন কার্যক্রম চালাতে বলেই দায় সারছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।এদিকে ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা জানান, মহানগরের ইউনিয়নগুলোয় মশক নিধন কার্যক্রম না থাকায় সেগুলো মশা প্রজননের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এসব মশা ইউনিয়নের আশপাশের ডিসিসির এলাকায় ঢুকে পড়ছে। এ জন্য ইউনিয়নগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মশক নিধনে উদ্যোগ নেওয়া উচিত।এ বিষয়ে তেজগাঁও সার্কেলের কর্মকর্তা নিরোদ চন্দ্র মণ্ডল জানান, বর্তমান ইউনিয়ন পরিষদ আইনে সরকার থেকে মশক নিধন কার্যক্রমে ইউনিয়নে কোনো অর্থ বরাদ্দ করার সুযোগ নেই।নির্বাচনের দিনক্ষণনির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী উত্তরখান, দক্ষিণখান ও ডুমনী ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে আজ। হরিরামপুর ইউনিয়নেও আজ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালত এ নির্বাচন স্থগিত করেছেন। বেরাইদ, বাড্ডা, ভাটারা ও সাঁতারকুল ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ১৮ জুন। ২২ জুন হবে মান্ডা, দক্ষিণগাঁও, নাসিরাবাদ, ডেমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন। সারুলিয়া, শ্যামপুর, দনিয়া ও মাতুয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ২৭ জুন।তেজগাঁও সার্কেলের ইউনিয়নগুলোর কারণে ঢাকা মহানগরেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ টের পাওয়া যাচ্ছে। এগুলোয় ঘুরে দেখা গেছে, সব এলাকাই ছেয়ে গেছে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের পোস্টারে পোস্টারে। মাইকে চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা জনসভা করছেন। বাড়ি বাড়ি গিয়েও ভোট চাইছেন তাঁরা। তাঁরা গ্রামগুলোয় শহরের সব সেবা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনের পর চেয়ারম্যান ও সদস্যরা প্রতিশ্রুতি মনে রাখবেন কি না, সেই প্রশ্ন ভোটারদের মনে।ইউনিয়নে উন্নয়নের নমুনা!মহানগরের ইউনিয়নগুলোয় সব নাগরিক-সেবা এখনো পৌঁছায়নি। আবার অবকাঠামো উন্নয়নে পরিকল্পনার অভাব থাকায় অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রেই তা কোনো কাজে আসছে না ইউনিয়নবাসীর। সুলতানগঞ্জ ইউনিয়নের (কামরাঙ্গীরচর) জাউলাহাটি খালের সেতুটি এর প্রমাণ। ২০০৬ সালে নির্মিত হয় সেতুটি। এটি জাউলাহাটি থেকে হাজারীবাগে বেড়িবাঁধ পর্যন্ত সড়কের মাঝে থাকার কথা। এখন পর্যন্ত সেই সড়ক নির্মাণ করা হয়নি। তবে সড়ক নির্মিত হলেও এখন আর সেতুটি কোনো কাজে আসবে না। কারণ, সড়কের পাশে খালটি ভরাট করা হচ্ছে।ছবি: জাহিদুল করিমকামরাঙ্গীরচরে নির্বাচন কবে?তেজগাঁও সার্কেলের ১৭টি ইউনিয়ন পরিষদের ১৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। কিন্তু কামরাঙ্গীরচর থানার সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করছে না নির্বাচন কমিশন। তেজগাঁও সার্কেল অফিস সূত্রে জানা যায়, সেখানে আপাতত নির্বাচন হচ্ছে না।এর কারণ জানতে চাইলে সার্কেলের কর্মকর্তা নিরোদ চন্দ্র মণ্ডল জানান, ওই ইউনিয়নের একটি অংশ ডিসিসির অধীনে চলে যাচ্ছে। ওই অংশে ডিসিসির ৯১ ও ৯২ নম্বর ওয়ার্ড হচ্ছে। ইউনিয়নের বাকি অংশকে নতুন করে নয়টি ওয়ার্ডে ভাগ করা হবে। এ জন্য এখন সীমানা নির্ধারণের কাজ চলছে। এ মাসের মধ্যেই এই কাজ শেষ হবে। এরপর সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে বলে তিনি জানান। ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, সুলতানগঞ্জ ইউনিয়নে আগে ভোটার সংখ্যা ছিল এক লাখ ৩৫ হাজারের মতো। এখন নতুন সীমানায় ইউনিয়নে ভোটার থাকছেন প্রায় ৭০ হাজার। আর ডিসিসির অধীনে যাচ্ছেন ৬৫ হাজারের মতো ভোটার।