প্রদীপের ভ্রাম্যমাণ ‘গরিবের সার্কাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সার্কাসে কোনো প্যান্ডেল নেই, প্রচার-প্রচারণাও নেই। নেই টিকিট কাউন্টারও। হাটে, মাঠে, ঘাটে, রেলস্টেশনে, বাসট্যান্ডে কিংবা ফুটপাতে যেখানেই লোক সমাগম দেখেন, সেখানেই পেশাদার সার্কাস শিল্পীর মতো শারীরিক কসরত প্রদর্শনে মেতে ওঠেন তিনি। তাঁর সার্কাসের দর্শকও খুব সাধারণ শ্রেণীর। এ জন্য তাঁর সার্কাসের নাম দিয়েছেন তিনি ‘ভ্রাম্যমাণ গরিবের সার্কাস’। ভ্রাম্যমাণ এ সার্কাসের খেলাধুলা দেখার বিনিময়ে দর্শকেরা খুশি হয়ে যে দু-এক টাকা করে বকশিশ দেন, তা দিয়েই সংসার চলে এ ব্যতিক্রমী সার্কাস শিল্পীর। ভ্রাম্যমাণ এ সার্কাস শিল্পীর নাম প্রদীপ বর্মণ। ভ্রাম্যমাণ সার্কাসে ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত প্রদর্শনকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। জীবিকার তাগিদে উত্তর জনপদের বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন। সম্প্র্রতি জয়পুরহাটের কালাই পৌর বাজারে ভ্রাম্যমাণ সার্কাস প্রদর্শনের ফাঁকে কথা হয় নিভৃতচারী ‘সার্কাস শিল্পী’ প্রদীপ বর্মণের সঙ্গে। প্রদীপ জানান, সাইকেল খেলা, দাঁত দিয়ে সাইকেল ঘোরানো, সাইকেলে চরে তিন-তিনটি সাইকেল ঘোরানো, বেঞ্চ ও ঢেঁকি দাঁতে করে ঘোরানো, কাচের বোতলের ওপর সাইকেল রেখে শারীরিক কসরত প্রদর্শন, পেট্রলে লাগানো আগুন নিয়ে খেলা, চলন্ত সাইকেলে একসঙ্গে চারজনকে তুলে নিয়ে খেলা দেখানোসহ ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর অর্ধশত খেলা রপ্ত করেছেন তিনি। প্রদীপ জানান, প্রতিদিন গড়ে দুই থেকে তিনটি আসরে খেলা দেখান তিনি। দর্শক জমলে প্রতি আসরে গড়ে ২০০ টাকা করে পান তিনি। এভাবে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার করলেও খরচ বাদে ৩০০ থেকে ৪০০ টাকা তাঁর থাকে। কালাই পৌর বাজারে ভ্রাম্যমাণ সার্কাসের আসরে প্রথম গলা ছেড়ে গান শুরু করেন প্রদীপ। মুহূর্তের মধ্যে দর্শক ভিড় করে তাঁর আসরে। প্রায় দুই ঘণ্টা ধরে একে একে প্রদর্শন করেন তিনি প্রায় ২০টি খেলা। এসব খেলা দর্শকেরা দারুণভাবে উপভোগ করেন। আসর শেষে দর্শকেরা করতালি দিয়ে সামনে বিছানো গামছায় দু-এক টাকা করে বকশিশ দেন।সাগরেদ হুমায়ন কবির বলেন, ‘সারা বছর ধরে উত্তরের বিভিন্ন জেলায় খেলা দেখান ওস্তাদ। অনেক সময় সারা দিন আসরে খেলা দেখিয়েও দর্শকেরা বকশিশ না দেওয়ায় খাবারের টাকা জোটে না, তখন খুব খারাপ লাগে।’