নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি বখাটে আবদুুল আওয়াল ওরফে রাজনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৫০ মিনিটের দিকে নাটোর শহরের বড় হরিশপুর শের-ই-বাংলা স্কুলের সামনে চাচার বাড়ির ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, মিজানুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম গতকাল দুপুর থেকে বড় হরিশপুরে অবস্থান নেন। এ সময় রাজন তাঁর চাচার বাড়ি থেকে বের হওয়ামাত্র পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম, বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ও এসআই আবদুর রহিম রাজনকে জিজ্ঞাসাবাদ করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়।গ্রেপ্তার হওয়া রাজন বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের মুনছুর রহমানের ছেলে। গ্রেপ্তারের পর রাজন সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি স্বীকার করেন, তাঁর বিরুদ্ধে স্থানীয় তমালতলা কৃষি ও কারিগরি কলেজের ছাত্র দোহা হত্যা মামলা রয়েছে।দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, ‘শিক্ষক মিজানুর মারা যাওয়ার পর থেকে রাজন আত্মগোপন করে। তাকে গ্রেপ্তারের জন্য কয়েক দিন বরিশাল ও চট্টগ্রামে অভিযান চালানো হয়। এ ছাড়া মুঠোফোনে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। গতকাল আমরা নিশ্চিত হতে পারি, রাজন নাটোরে আসবে। চাচার বাসা থেকে বের হওয়ামাত্র তাকে গ্রেপ্তার করা হয়। রাজন জানিয়েছে, ঢাকায় যাওয়ার জন্য চাচার বাসায় সে টাকা নিতে এসেছিল।’নাসিরুল জানান, রাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। এর আগে গ্রেপ্তার হওয়া আরেক আসামি আসিফকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।নারী অপহরণ মামলায় রাজনের ফুফা গ্রেপ্তার: মিজানুর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অপর আসামি আসিফ আলীর বাবা গোলাম রসুলের করা নারী অপহরণ মামলায় রাজনের ফুফা মো. আয়েজ উদ্দিনকে (৫০) গতকাল গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।আসিফের বাবা গোলাম রসুল গত বুধবার রাতে বাগাতিপাড়া থানায় রাজন, তাঁর বাবা মুনছুর ও ফুফা আয়েজ উদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে নারী অপহরণের মামলা করেন। এজাহারে বলা হয়েছে, আসামিরা গোলাম রসুলের ১৬ বছরের এক মেয়েকে অপহরণ করে। পরে রাজন তাকে জোর করে বিয়ে করে। মামলাটি নথিভুক্ত করার পর গতকাল ভোররাতে বাগাতিপাড়া থেকে আয়েজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি আবদুস সালাম বলেন, শিক্ষক হত্যা মামলার আসামি রাজন যে বখাটে, তা এ অপহরণ মামলার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।গ্রেপ্তারের পর রাজন আসিফের বোনকে জোর করে বিয়ের কথা স্বীকার করেছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে মিজানুরের স্ত্রীর সাক্ষাৎ সোমবার: শিক্ষক মিজানুর রহমানের স্ত্রী রাজিয়া সুলতানা আগামী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাতের অনুমতি পেয়েছেন। গত বুধবার রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ শাহরিয়ার আলম এ কথা জানিয়ে মিজানুরের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মিজানুরের স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরির ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।প্রসঙ্গত, ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় বখাটে আসিফ আলী ও রাজন ১২ অক্টোবর বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেন এবং তিনি মাথা, বুক ও চোখে গুরুতর আঘাত পান। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মিজানুরের মৃত্যু হয়। ঘটনার পরদিন আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। হামলার ১৬ দিন পর রাজনকে গ্রেপ্তার করতে পারল পুলিশ।