প্রধান আসামি রূপম গ্রেপ্তার, হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা শিক্ষক মো. জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি রূপমচন্দ্র দেকে (১৮) পুলিশ গ্রেপ্তার করেছে। ভারতে পালানোর সময় গতকাল সোমবার সকালে যশোরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরিটি উদ্ধার করে পুলিশ।এদিকে জিন্নাত হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকালও বরিশাল নগরে বিক্ষোভ হয়েছে। সকাল ১০টার দিকে রূপাতলী এলাকায় এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইডিয়াল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীসহ বরিশালের সর্বস্তরের মানুষ। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। অবরোধে আটকা পড়ে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে বহনকারী গাড়িবহর। একপর্যায়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করেন। মেয়র শওকত শিক্ষক জিন্নাত হত্যাকারীদের বিচারের নিশ্চয়তা এবং জিন্নাতের ছোট মেয়ের পড়াশোনার খরচ বাবদ দুই লাখ টাকা প্রদানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী অবরোধ তুলে নেয়।যেভাবে গ্রেপ্তার হলো রূপম: গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে তাঁরা যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে অবস্থান নেন। সকাল ছয়টা ৫৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলগামী একটি বাস থেকে রূপমকে গ্রেপ্তার করা হয়।দুপুর একটার দিকে রূপমকে বরিশাল মহানগর পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় রূপম মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাতকে হত্যার কথা স্বীকার করেন। রূপমের বক্তব্য: রূপম দে সাংবাদিকদের বলেন, ‘আমি জিন্নাত আলীর ছোট মেয়েকে বিভিন্ন সময় ফোনে ও সরাসরি উত্ত্যক্ত করেছি। তবে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর তিনি (জিন্নাত) আমার বিরুদ্ধে কাউনিয়া থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন। পুলিশ আমাকে ধরতে কয়েকবার অভিযান চালায়। পুলিশের ভয়ে আমি ঢাকায় পালিয়ে ছিলাম। ঈদের পর বরিশালে এসে তাঁকে ফোন করে জিডি তুলে নিতে বলি। গত শুক্রবার রাতে আমি রূপাতলী এলাকায় তাঁর বাসভবনের সামনের সড়কে তাঁকে আবার জিডি তুলে নিতে বলি। তিনি আমাকে পুলিশে দেওয়ার কথা বললে আমি তাঁর পেটে ছুরি দিয়ে আঘাত করি। পরদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে বরিশাল থেকে ঢাকা যাই। সেখান থেকে ভারতে যাওয়ার জন্য বেনাপোলের উদ্দেশে যাত্রা করি।’বক্তব্য প্রত্যাখ্যান: জিন্নাত আলীর স্ত্রী শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘রূপম মিথ্যা বলেছে। নিজে বাঁচার জন্য আমার মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার কথা দাবি করছে সে। আমরা রূপমের দৃষ্টান্তমূলক বিচার চাই।’রূপমকে নিয়ে ঘটনাস্থলে: দুপুর আড়াইটায় পুলিশের উপকমিশনার মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রূপমকে নিয়ে হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন এবং জিন্নাতের পরিবারের সঙ্গে কথা বলতে যায়। এ সময় রূপমকে দেখে জিন্নাতের দুই মেয়ে ও স্ত্রী ক্ষোভে ফেটে পড়ে। মুহূর্তে এলাকাবাসী জড়ো হলে পুলিশ দ্রুত সেখান থেকে রূপমকে সরিয়ে নেয়। মিলাদ মাহফিল: বিকেলে মুক্তিযোদ্ধা জিন্নাতের আত্মার মাগফিরাত কামনা করে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মানুষের ঢল নামে। পরীক্ষা স্থগিত: বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘জিন্নাত আলী স্যারকে হত্যার প্রতিবাদে ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।’আজ মানববন্ধন: শিক্ষক জিন্নাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশালের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করা হবে। প্রথম আলো বন্ধুসভা বরিশাল শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে। এতে বন্ধুসভার কেন্দ্রীয় সহসভাপতি সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু উপস্থিত থাকবেন।কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত শুক্রবার বখাটে রূপম ও তাঁর সহযোগী আরিফুর রহমান মুক্তিযোদ্ধা জিন্নাত আলীকে ছুরিকাঘাত করে হত্যা করে।