প্রধান আসামি হাফিজের আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউ-এফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার প্রধান আসামি হাফিজুর রহমানের আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন।সূত্র জানায়, মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরাচালান আইনের মামলায় হাফিজকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাফিজ ওই অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে করা দুটি মামলারই প্রধান আসামি। এর আগে তাঁকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ১০ ট্রাক অস্ত্র কোন দেশ থেকে এসেছে এবং কোন জাহাজে তা পরিবহন করা হয়—এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হাফিজ গত বছর এ ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। অনেক তথ্য গোপনও করেছিলেন তিনি। এ কারণে তাঁকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। শুনানির পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, হাফিজ ওই জবানবন্দিতে গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ করেছিলেন। এর পরই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, সাবেক পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও মাঠ কর্মকর্তা আকবর এবং সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে গ্রেপ্তার করা হয়। এই সাতজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।সিআইডির বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে বলেন, ‘চোরাচালান মামলায় হাফিজকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। রিমান্ড মঞ্জুর হয়েছে বলে শুনেছি। পরে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করব।’২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাস হয়। অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয় বলে হাফিজ গত বছর দেওয়া জবানবন্দিতে জানান। তবে এই অস্ত্র কোন জাহাজে পরিবহন হয়েছে এবং কোন দেশ থেকে এসেছে তা বলেননি তিনি।