প্রধান উপদেষ্টা না হওয়ার ঘোষণা দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা না হওয়ার ঘোষণা দিতে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রতি আহ্বান জানিয়েছে।আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন এ আহ্বান জানান। সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা সংবাদ সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরে জানান, প্রধান বিচারপতি নিয়োগে দুইবার জ্যেষ্ঠতা লঙ্ঘন, ৫০ জন বিচারপতিকে ডিঙিয়ে দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ, সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনা না নেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘গত সাত মাসে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবিধানিক বিষয়ে অনেক রায় দিয়েছেন। পঞ্চম সংশোধনী নিয়ে দেশে অশান্তি সৃষ্টি করা হয়েছে। মুন সিনেমা হলের মালিকানার জন্য পঞ্চম সংশোধনী বাতিল করার দরকার ছিল না। এ রায় দিয়ে দেশকে অশান্তিতে ফেলা হয়েছে। এর ফলে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের ওপর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে বিচারপতিরা ভয়ে থাকবেন—মনমতো বিচার করা না হলে তাঁদের সরানো হতে পারে।’ সমিতির সভাপতি আরও বলেন, ত্রয়োদশ সংশোধনী সংবিধানপরিপন্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু এর অধীনে দুটি নির্বাচন করার কথা বলা হয়েছে। এটি স্ববিরোধী। বিচার বিভাগকে রাজনৈতিক অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ‘আজ দুজন বিচারপতিকে শপথ পড়ানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাখা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক, সুপ্রিম কোর্টের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা।