প্রধান ঘাঁটি সরাল সিরিয়ার বিদ্রোহীরা
সিরীয় বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) তাদের প্রধান ঘাঁটি তুরস্ক থেকে সরিয়ে সিরিয়ার ‘মুক্ত এলাকা’গুলোতে নিয়ে গেছে। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রচারিত একটি ভিডিও বার্তায় সংগঠনের প্রধান রিয়াদ আল-আসাদ এ কথা জানান। ওই বার্তায় তিনি বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এফএসএ নিজস্ব সেনাবাহিনী ও অন্য বিদ্রোহীদের নিয়ে সমন্বিত প্রয়াস চালাবে।এফএসএর সামরিক পর্ষদের অন্যতম কর্তাব্যক্তি মুস্তাফা আল-শেখ বলেন, প্রধান ঘাঁটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত সপ্তাহে। সব বিদ্রোহীকে একত্র করতেই এমনটি করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, এফএসএ প্রধান ঘাঁটি স্থানান্তর করলেও কখন করেছে কিংবা সিরিয়ার কোন স্থানে স্থাপন করেছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উৎখাতে যুদ্ধ করছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন এফএসএ। গত বছরের ২৯ জুলাই গঠিত হওয়ার পর থেকেই সংগঠনটি সরকারি সেনাদের বিরুদ্ধে উল্লেখযোগ্যসংখ্যক হামলা চালিয়েছে।