প্রধান দুই দলের বাড়াবাড়ি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের সংস্কার এবং জাতীয় সংসদকে অর্থবহ করে তোলার ওপর গুরুত্বারোপ করে দাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা বলেছেন, দুটি প্রধান রাজনৈতিক দলের বাড়াবাড়ি বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। দল দুটির মধ্যে প্রতিযোগিতা অনেক সময় সাধারণ গণতান্ত্রিক সৌজন্যবোধকেও ছাড়িয়ে যায়।দাতারা মনে করে, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করার বদলে দুর্বল করা হচ্ছে। দুর্নীতি তেমন কমেছে না বরং দুদককে দুর্বল করে ফেলা হলে দুর্নীতি দমনের প্রয়াসও কার্যকর হবে না। দুর্নীতি দমন প্রক্রিয়ার গতি অনেক শ্লথ বলেও একাধিক দাতা প্রতিনিধি উল্লেখ করেন। জনপ্রশাসনের সামর্থ্য ও দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বাংলাদেশ উন্নয়ন ফোরাম বৈঠকে এসব কথা বলা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই বৈঠক গতকাল সোমবার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। প্রথম দিনে তিনটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে উন্নয়ন কৌশল, শাসনব্যবস্থা এবং মানব উন্নয়ন শীর্ষক প্রথম কর্ম-অধিবেশনেই দেশ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বেশি আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন।বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করা হয়। জবাবে দাতারা প্রতিশ্রুতির তুলনায় ফলাফল দেখতে বেশি আগ্রহী বলে জানান। আর ফলাফলের জন্য তাঁরা গুরুত্ব দিয়েছেন প্রাতিষ্ঠানিক সংস্কার, দক্ষ আর্থিক ব্যবস্থাপনা, দুর্নীতি দমন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করাকে।দাতা প্রতিনিধিরা অবশ্য আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগের প্রশংসা করে বলেছেন, এর ফলে বার্ষিক অতিরিক্ত ২ শতাংশ প্রবৃদ্ধি বাড়বে। এতে কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হবে, তেমনি আঞ্চলিক বৈষম্যও কমবে। তবে আঞ্চলিক সম্পৃক্ততার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে বিস্তারিত কৌশল নির্ধারণ ও ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন দাতারা। রাজশাহী, বরিশাল ও কক্সবাজারে দারিদ্র্যের হার ৫০ শতাংশের বেশি থাকায় উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে।দাতাদের আরেকটি বড় উদ্বেগের বিষয় ছিল ঘূর্ণিঝড় আইলা। একাধিক দাতা প্রতিনিধি বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে আইলা আঘাত হানার আট মাস পরও দুর্গত লোকজনের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। বৈঠকে অংশ নেওয়া পশ্চিমা দেশ ও জোটের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্নীতি রোধ, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা—এসব বিষয়ে বেশ সোচ্চার ছিল ইউরোপীয় দেশগুলো। দ্বিপক্ষীয়ভাবে যেসব দেশ বাংলাদেশকে সহযোগিতা দেয়, ওই বিষয়গুলোতে সেসব দেশের প্রতিনিধিরা ছিলেন উচ্চকণ্ঠ। চার বছর বিরতির পর কিছুটা ভিন্ন মাত্রায় এবার উন্নয়ন ফোরামের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম সরকার ও দাতাগোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি বিশেষজ্ঞরাও বৈঠকে অংশ নিচ্ছেন। তা ছাড়া প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে উন্নয়ন মেলার, যাতে অংশ নিয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, দাতা গোষ্ঠী ও বেসরকারি সাহায্য সংস্থা। দাতাদের অনীহার কারণে ২০০৭ ও ২০০৮ সালে উন্নয়ন ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়নি। অনির্বাচিত সরকার ওই দুই বছর ক্ষমতায় থাকায় বৈঠকের ব্যাপারে আগ্রহ দেখায়নি তারা। ২০০৫ সালে উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক হয়েছিল। দুর্নীতি প্রসঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে, জানতে চাইলে একাধিক কূটনীতিক প্রথম আলোকে বলেন, সামগ্রিকভাবে দুর্নীতি দূর করাকে অগ্রাধিকার দেওয়ার কথা বারবার এসেছে। বিশেষ করে উন্নয়ন প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় যাতে স্বচ্ছতা নিশ্চিত করা হয়, সে বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে গুণগতমান নিশ্চিত করার ব্যাপারে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, সে প্রসঙ্গটিও এসেছে। জানা গেছে, দুর্নীতি রোধ করতে দুদককে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছেন দাতারা। তাঁরা মনে করেন, সাম্প্রতিক সময়ে কমিশনের ক্ষমতা কমেছে। এ অবস্থা দুর্নীতি দমনের ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়।অর্থমন্ত্রী গতকাল প্রথম কর্ম-অধিবেশন শেষে সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমনের বিষয়টিকে দুর্বল করে ফেলা হচ্ছে বলে বৈঠকে উন্নয়ন সহযোগীরা অভিযোগ করেছেন। তাঁরা মনে করেন, এ ব্যাপারে সরকারে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। তিনি বলেন, ‘তবে আমরা তাঁদের বলেছি, এ ব্যাপারে সরকারের আন্তরিকতার অভাব নেই। কিছু মামলার প্রক্রিয়াগত সমস্যার কারণে দুর্নীতি দমনের বিষয়টিকে কিছুটা দুর্বল মনে হতে পারে। তবে এটা ঠিক যে, এ ক্ষেত্রে অগ্রগতি কিছুটা ধীরগতিতে হচ্ছে।’ তিনি বলেন, সচিব কমিটি দুদকের সংস্কার নিয়ে কাজ করছে। এই কমিটির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।দুদক ছাড়াও নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথাও বলেছেন দাতাগোষ্ঠীর প্রতিনিধিরা। তাঁদের মতে, গণতন্ত্রকে কার্যকর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। সেই সঙ্গে গণতন্ত্রের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। তাই উন্নয়নের সুষম বণ্টনের স্বার্থে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। একাধিক কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, করব্যবস্থার সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে। দাতাদের পক্ষ থেকে বলা হয়, কর দেওয়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে নিচের তালিকায় থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। দেশটির মোট জনসংখ্যা ১৫ কোটির ওপরে, যার মধ্যে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে প্রায় ২৪ লাখ। আর কর দেন মাত্র সাত লাখ ৫৩ হাজার জন। অথচ দুই কোটি ৭০ লাখ ব্যক্তি আয়কর প্রদানের জন্য নির্ধারিত সীমার বেশি আয় করেন। কাজেই উন্নয়ন প্রক্রিয়ায় অর্থের ব্যবহার বাড়াতে কর পদ্ধতি সম্প্রসারণের ব্যাপারে সরকারের মনোযোগী হওয়া প্রয়োজন। বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ সময় বলা হয়েছে, বাংলাদেশ যে এখনো সাহায্যনির্ভর দেশ, তার বড় কারণ রাজস্ব আদায় বাড়াতে না পারা। মানবাধিকার প্রসঙ্গটি কতটা গুরুত্ব পেয়েছে, জানতে চাইলে বেশ কয়েকজন কূটনীতিক জানান, সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণের মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে আলোচনা হয়েছে। সুনির্দিষ্টভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। অধিবেশনে নির্ধারিত বক্তা হিসেবে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনাটা ডেসালিয়ান এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। রেনাটা ডেসালিয়ান বলেন, ভৌগোলিকভাবে দুই উদীয়মান অর্থনৈতিক শক্তির (ভারত ও চীন) নৈকট্য ও বঙ্গোপসাগরের সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সামনে আঞ্চলিক ব্যবসাকেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে বিদ্যমান ভ্রান্ত ধারণা দেশটিকে পেছনে টেনে রেখেছে।রেনেটা বলেন, বিচার বিভাগে নিয়োগ ও পদোন্নতির সময় পেশাগত যোগ্যতা ও সততার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। কিছু ক্ষেত্রে মনোনয়ন-প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় প্রয়োজনীয় হতে পারে। কিন্তু এটি হতে হবে ব্যতিক্রম, বিধান নয়। তবে রাজনৈতিক নিয়োগের ক্ষেত্রে পেশাগত উত্কর্ষ ও সততাকে খাটো করে দেখা উচিত হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি মান ও কার্যকারিতা বাড়াতে রাজনৈতিক দলগুলোর গঠনমূলক ভূমিকা প্রয়োজন। এ জন্য বিরোধী দলের সংসদ অধিবেশনে যোগ দেওয়া, সংসদীয় কমিটিগুলোতে অংশগ্রহণ এবং বিরোধী দলকে সংসদীয় কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়টিকে স্বাগত জানান তিনি।এলেন গোল্ডস্টেইন বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হতে হলে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ করতে হবে। আর এ জন্য কার্যকর বিনিয়োগের প্রয়োজন। এ জন্য বিনিয়োগ পরিবেশ ভালো করারও প্রয়োজন আছে। এ কাজটি সরকারকেই করতে হবে।প্রথম অধিবেশন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাওয়া গেছে। এ বৈঠকে সাহায্যের অঙ্গীকারের কোনো কথা না থাকলেও দাতারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, উন্নয়ন সহযোগীরা মনে করেন, এ দেশের রাজস্ব আহরণ পরিস্থিতি ভালো নয়। কীভাবে এ ক্ষেত্রে আরও উন্নয়ন ঘটানো সম্ভব, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার শক্তিশালী করার পক্ষে তাঁরা মত দিয়েছেন, যাতে জনগণের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দেওয়া যায়।উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন বলে অর্থমন্ত্রী জানান। এর বাইরে জনসংখ্যা সমস্যা, পরিসংখ্যানের দুর্বলতা, নারী-পুরুষের অসমতা, পুষ্টি ও মাতৃমৃত্যু না কমা, পারিবারিক নির্যাতন ও সড়ক দুর্ঘটনার মতো ছোট দুর্যোগ নিয়েও উন্নয়ন সহযোগীরা উদ্বেগ প্রকাশ করেন।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশররফ হোসেন ভূঁইয়া এবং ডিএফআইডির বাংলাদেশ অংশের প্রধান ক্রিস অস্টিন এ সময় উপস্থিত ছিলেন।