প্রধান নদ-নদী খননে মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ নদ-নদী খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ বছর মেয়াদি বৃহত্ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।আজ রোববার সংসদে সরকারি দলের সাংসদ খন্দকার আবদুল বাতেনের এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এ কথা বলেন।পানিসম্পদমন্ত্রী বলেন, ক্যাপিটাল ড্রেজিং নামে এই বৃহত্ প্রকল্পের আওতায় ৯৪২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প, এক হাজার ২৮ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় যমুনা নদী ড্রেজিং, ৯৪৪ কোটি নয় লাখ টাকা ব্যয়ে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্প, এক হাজার ৩০৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নদী ড্রেজিংয়ের যন্ত্রপাতি ক্রয় প্রকল্প ও ৫৯ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে চন্দনা বারাশিয়া নদী পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, এই মহাপরিকল্পনার আওতায় দেশের গুরুত্বপূর্ণ ও বড় বড় নদী খননের কাজ চলমান রয়েছে।মন্ত্রী আরও বলেন, বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় যমুনা নদী থেকে নতুন ধলেশ্বরী দিয়ে পানি এনে রাজধানীর পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত তুরাগ ও বুড়িগঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্ধি ও পানিদূষণ কমানোর লক্ষ্যে চলতি অর্থবছর থেকে প্রকল্প বাস্তবায়ন শুরু করা হয়েছে। বাসস।