চট্টগ্রাম ওয়াসার অবসরে যাওয়া প্রধান প্রকৌশলী মো. সফিউল্লাহর ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রাম ওয়াসার দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল সোমবার এ স্থগিতাদেশ দেন। সেই সঙ্গে এ নিয়োগ কেন অবৈধ হবে না—এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিয়াজুর রহমান খান ও আবদুল করিম চৌধুরী হাইকোর্টে এ রিট করেন। তাঁদের পক্ষে আইনজীবী ছিলেন রোকন উদ্দিন মাহমুদ।ওয়াসা সূত্র জানায়, সফিউল্লাহ গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী হিসেবে অবসরে যান। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওয়াসার ৬৩তম বিশেষ বোর্ড সভায় তাঁকে ছয় মাসের জন্য প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের বিরুদ্ধে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিয়াজুর রহমান ও আবদুল করিম হাইকোর্টে রিট করেন। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো হাইকোর্টের কোনো নির্দেশনা পাইনি। আদালত এ ধরনের নির্দেশনা দিলে তার বাইরে তো আমরা যেতে পারব না।’জানা গেছে, সফিউল্লাহ নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করার সময় দুইবার বিভাগীয় ও ফৌজদারি শাস্তির মুখোমুখি হন। নির্বাহী প্রকৌশলী থাকাকালে ২০০৩ সালের ৮ অক্টোবর বিভাগীয় মামলায় তাঁর দুই বছরের জন্য বার্ষিক বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) বন্ধ করা হয়। ওই শাস্তির মেয়াদ চলাকালে ২০০৫ সালে তাঁকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ২০০৬ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এক চিঠিতে তাঁর পদোন্নতি গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়। সফিউল্লাহর বিরুদ্ধে নগরের পাঁচলাইশ তক্তারপুল এলাকায় চার কিলোমিটার পাইপের জায়গায় তিন কিলোমিটার বসিয়ে বাকি পাইপ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। এ অভিযোগে ফৌজদারি আদালত তাঁকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পাইপ আত্মসাতের মামলায় তাঁর পাঁচ বছর সাজা হওয়ার পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তাঁকে ওয়াসার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দুই বছর কারাবাসের পর হাইকোর্টের রায়ে তিনি মামলা থেকে অব্যাহতি পান। এরপর ২০০৯ সালের ২০ আগস্ট তিনি ওয়াসায় যোগ দেন। ২০০৯ সালের ২৮ নভেম্বর চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান।