প্রধান প্রকৌশলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার নগরের পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা নুরুজ্জামান মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।মামলার অন্য আসামিরা হলেন—রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী আহকাফ মোল্লা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রউফ ও নির্বাহী প্রকৌশলী এ আজিজ। মামলায় অভিযোগ করা হয়, রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ৬৪ নম্বর বাড়ির মালিক নুরুজ্জামান তাঁর বাড়ির সংস্কারকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গত বছরের ৭ জুলাই রাজশাহী বিদ্যুৎ বিভাগে একটি আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নুরুজ্জামান তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য জনতা ব্যাংক হেতেম খাঁ শাখার মাধ্যমে নির্দিষ্ট ফিও জমা দেন। এরপর বিদ্যুৎ বিভাগের লোকজন তাঁর বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু এর কয়েক দিন পরেই বাড়ির মালিকের অনুপস্থিতিতে বিদ্যুৎ বিভাগের লোকজন অবৈধভাবে ওই বাড়িতে সংযোগ দিয়ে আসে। এরপর ওই সংযোগ বিচ্ছিন্ন করতে মামলার বিবাদীদের কাছে বাদী বারবার আবেদন করলেও কোনো লাভ হয়নি।