প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়নি: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই নেত্রীর জেলে থাকার সময় তাঁদের জামিনের ব্যাপারে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান সাহসী ভূমিকা রেখেছিলেন। তবে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিঞার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ওয়াজেদ মিঞা ক্ষমতার কাছাকাছি ছিলেন। কিন্তু কখনো ক্ষমতার অপব্যবহার করেননি।ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের মধ্যেই বারবার মারামারি, হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া করছে। নিজেদের মধ্যেই যারা এভাবে মারামারি করে তাদের মধ্যবর্তী নির্বাচনের হাঁকডাক নিষ্ফল বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন প্রহসনে পরিণত হবে।প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় অভিযোগ করেন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। সভায় বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে ডিঙিয়ে মোজাম্মেল হোসেনকে নিয়োগ দেওয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। সভায় বলা হয় নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতিকে আইনজীবী সমিতি অভিনন্দন জানাবে না। এর প্রতিবাদে সমিতি ১৫ মে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন করবে। একই দিন বেলা সোয়া একটায় প্রতিবাদ সমাবেশ করবে সমিতি। কালো পতাকা তিন দিন উত্তোলিত থাকবে। সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।