প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাবে না আইনজীবী সমিতি
নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনকে অভিনন্দন জানাবে না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে ডিঙিয়ে মোজাম্মেল হোসেনকে নিয়োগ দেওয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। এর প্রতিবাদে সমিতি ১৫ মে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন করবে। একই দিন বেলা সোয়া একটায় প্রতিবাদ সমাবেশ করবে সমিতি। কালো পতাকা তিন দিন উত্তোলিত থাকবে। সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।মোজাম্মেল হোসেনের নিয়োগ আদেশ বাতিলের দাবি জানিয়ে মাহবুব হোসেন বলেন, সরকার অশুভ উদ্দেশ্য এ নিয়োগ দিয়েছে। কারণ শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে নিয়োগ দেওয়া হলে তিনি আগামী ১৫ নভেম্বর অবসরে যেতেন এবং তিনিই হতেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কিন্তু তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে বর্তমান সরকার তাদের নীল-নকশা অনুযায়ী কাজ করতে পারবে না। সে জন্যই তাঁকে সরিয়ে মোজাম্মেল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।মাহবুব হোসেন জানান, আইনজীবী সমিতি নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জনাবে না। তবে বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বিদায়ী সংবর্ধনা জানাবে। সেখানে তিনি যা করেছেন এবং বলেছেন তা তুলে ধরা হবে।সভায় অন্যান্যের মধ্যে এ বি এম নুরুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মো. শামসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।