প্রধান বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনের আগে সর্বশেষ অবসরে যাওয়া প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের যে বিধান রয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।আপিল বিভাগের বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রতিক্রিয়া জানাতে গিয়ে খন্দকার মাহবুব এ দাবি তুলেছেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বর্তমান প্রেক্ষাপটে এ নিয়োগ রাজনৈতিক দাবা খেলার মতো।’জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে ডিঙিয়ে এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি করার বিষয়টি ইঙ্গিত করে খন্দকার মাহবুব দাবি করেন, ‘সুপ্রিম কোর্টের ইতিহাসে দুজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি নিয়োগের ঘটনা এটাই প্রথম।’ তিনি বলেন, বিচারপতি আবদুল মতিন আগামী ২৬ ডিসেম্বর এবং বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ২০১১ সালের নভেম্বরে অবসরে যাবেন। তাই বিচারপতি শাহ আবু নাঈমকে যেন পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরও বলেন, সংবিধান সংশোধন হতে যাচ্ছে। এখনই বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার স্বার্থে প্রধান বিচারপতিকে (সদ্য সাবেক) তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বাতিল করা হোক। কারণ এই পদ্ধতির মাধ্যমে একজন বিচারককে রাজনৈতিক অঙ্গনে টেনে আনা হচ্ছে। তিনি বলেন, ‘বিচার বিভাগ ও বিচারকদের ভাবমূর্তি রক্ষার জন্যই এ প্রস্তাব দিচ্ছি।’নতুন প্রধান বিচারপতির নিয়োগ বাতিলের জন্য কোনো দাবি জানাবেন কি না—এ প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, ‘নিয়োগ বাতিল চাচ্ছি না, তবে ক্ষোভ প্রকাশ করছি। কোনো ব্যক্তি বা বিচারকের প্রতি আমাদের কোনো বিদ্বেষ বা ক্ষোভ নেই। ক্ষোভ সরকারের প্রতি।’ তবে সমিতির প্রথা অনুযায়ী নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে বলে তিনি জানান।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সম্পাদক এম বদরুদ্দোজা, মোর্শেদ আল মামুন, কামরুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন।