প্রধান বিচারপতির অফিস কক্ষের সামনে কাল অবস্থান কর্মসূচি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কাল মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির অফিস কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। আজ সোমবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের শামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ ঘাষণা দেওয়া হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আইনজীবী জয়নুল আবেদীন, আবদুর রাজ্জাক, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন। সমিতির সম্পাদক সভায় নেওয়া সিদ্ধান্তগুলো পাঠ করেন। সভার সিদ্ধান্তে বলা হয়, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠন ও তাদের মামলার শুনানির ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের ফলে মামলা নিষ্পত্তিতে যে জটিলতা তৈরি হয়েছে, তার প্রতিবাদে ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবীরা প্রধান বিচারপতির অফিস কক্ষের সামনে বেলা সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সভার সিদ্ধান্তে প্রধান বিচারপতি কর্তৃক হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ গঠন, বিভিন্ন বেঞ্চের তাঁর প্রদত্ত তালিকা অনুসারে মামলা শুনানির জন্য ধার্য করার বিধানের তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।