প্রধান বিচারপতির কাছে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি বরাবর সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট শুনানির জন্য আদালত পরিবর্তনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা। খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান,মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন খোকন , সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মো. বদরুদ্দোজা আজ মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল মতিনের সঙ্গে দেখা করে এ আবেদন জানান। এ ব্যাপারে মাহবুবউদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, আদালত পরিবর্তনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।এদিকে আইনজীবী সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল মতিন প্রধান বিচারপতি বিদেশ সফর থেকে দেশে এলে বিষয়টি তাঁর কাছে উপস্থাপন করার কথা জানিয়ে লিখিত আদেশ দিয়েছেন। গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে ২৭ মে আদালত সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে দেওয়া নোটিশের কার্যকরতা স্থগিত করে রুল জারি করেন। গত ৪ মে খালেদা জিয়া হাইকোর্টে এ রিট শুনানির আদালত পরিবর্তনের আবেদন করেন। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। আজ খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের খারিজ আদেশসহ প্রধান বিচারপতির কাছে আবার আদালত পরিবর্তনের আবেদন জানালেন।