প্রধান বিচারপতির ঢাকার নিম্ন আদালত পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আজ বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ আদালতসহ মুখ্য বিচারিক হাকিম ও মুখ্য বিচারিক হাকিম আদালত পরিদর্শন করেছেন। তিনি আজ অনির্ধারিত সফরে ঢাকার নিম্ন আদালতের কাজ দেখতে যান। আদালত সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে ১২টার দিকে প্রধান বিচারপতি নিম্ন আদালত পরিদর্শনে আসেন। তিনি প্রথমে মহানগর দায়রা জজ আদালত পরিদর্শন করেন। এরপর তিনি জেলা ও দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালত পরিদর্শন করেন। এ সময় প্রধান বিচারপতি আদালতকক্ষে গিয়ে বিচারিক কার্যক্রম এবং মামলার দৈনন্দিন কার্যতালিকা পর্যবেক্ষণ করেন। প্রধান বিচারপতি আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি বিচারকদের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেছেন। জানা গেছে, প্রধান বিচারপতি আদালত পরিদর্শন শেষে জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেনের খাস কামরায় বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম ছাড়াও বেশ কয়েকজন বিচারক উপস্থিত ছিলেন। এ সময় বিচারকেরা আদালতের বিভিন্ন সমস্যাসহ এবং এজলাস ভাগাভাগি করে বিচারকাজ পরিচালনার বিষয় প্রধান বিচারপতিকে অবহিত করেন। আলোচনা শেষে প্রধান বিচারপতি বেলা দুইটার দিকে আদালত এলাকা ত্যাগ করেন।