প্রধান বিচারপতির নিয়োগে জ্যেষ্ঠতা নিয়ে রিট নিষ্পত্তি
প্রধান বিচারপতির নিয়োগে জ্যেষ্ঠতার ক্রম অনুসরণ ও জ্যেষ্ঠতার ক্রম অনুসরণ করা না হলে তার কারণ প্রকাশের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সংবিধানের কোথাও জ্যেষ্ঠতার ক্রম অনুসরণের বিধান রাখা হয়নি। সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রতীয়মান হয় রাষ্ট্রপতি এককভাবে যেকোনো যোগ্য ব্যক্তিকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে ও যথাযথ মনে করলে বিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে পারেন। এ ছাড়া জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ না দিয়ে মেধার ভিত্তিতে কোনো যোগ্য ব্যক্তিকে নিয়োগ করার ক্ষেত্রে কারণ দর্শানোর বিধান সংবিধানে রাখা হয়নি।চলতি বছরের ২২ আগস্ট প্রধান বিচারপতির নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা অনুসরণের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের চার আইনজীবী হাইকার্টে রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনকারীর পক্ষে আজ শুনানিতে অংশ নেন হাসান এম এস আজিম ও সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। হাসান এম এস আজিম জানান, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।