প্রধান বিচারপতির বক্তব্য সাংবিধানিক সরকারের ক্ষেত্রে হুমকি: সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্যকে সাংবিধানিক সরকারের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে একক সর্ববৃহত্ হুমকি (সিঙ্গেল বিগেস্ট থ্রেট) বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। সংবিধান পুনর্মুদ্রণে নতুন প্রধান বিচারপতির আহ্বানের প্রতিক্রিয়ায় আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের গুডস হিলের বাসভবনে সাকা এ মন্তব্য করেন। এ ব্যাপারে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে বসার আহ্বান জানান তিনি।শপথ নেওয়ার পর প্রধান বিচারপতি সংবিধান পুনর্মুদ্রণের জন্য তাগিদ দিয়েছিলেন। তাঁর এ বক্তব্য সংসদের অবমাননা হয়েছে বলে সাকা চৌধুরী মনে করেন। তাই আজ সকালে আকস্মিকভাবে সংবাদ সম্মেলন করেন তিনি। প্রধান বিচারপতির বক্তব্যের সূত্র ধরে সাকা বলেন, ‘সংবিধান কোনো ব্যাপার নয়। প্রধান বিচারপতি যা রায় দেবেন সেটা সর্বোচ্চ আইন। আমাদের বিচার বিভাগের ব্যাপারে আমার সম্মান আনলিমিটেড (অপরিসীম)।’প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে সাকা চৌধুরী বলেন, উনি রায় দিলে আইন হয়ে যায়। তাহলে সংসদে আইন প্রণয়নের কোনো প্রয়োজনীয়তা নেই। আইন প্রণয়নের ক্ষমতা প্রধান বিচারপতি নিয়ে নিয়েছেন। যেহেতু প্রধান বিচারপতি এ দায়িত্ব নিয়েছেন, তাহলে তো সংসদের প্রয়োজনীয়তা আছে বলে এ দেশের জনগণ মনে করে না।সাকা চৌধুরী আরও বলেন, ‘সাংবিধানিক সরকার বলতে আমরা যা বুঝি, প্রধান বিচারপতির বক্তব্যে তা অচল হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংবিধান সর্বোচ্চ আইন। এর কাঠামো ধসে পড়ার উপক্রম হয়েছে। নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও সংসদ—এই তিনটির মধ্যে সংসদ ছাড়া অন্য দুটো প্রতিষ্ঠান সরাসরি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ গ্রহণ করে থাকে। সংসদ কিন্তু সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে।’