নতুন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্যকে সাংবিধানিক সরকারের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। সংবিধান পুনর্মুদ্রণে নতুন প্রধান বিচারপতির আহ্বানের প্রতিক্রিয়ায় গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের গুডস হিলের বাসভবনে তিনি এ মন্তব্য করেন।গতকাল সকালে সাকা চৌধুরী তাঁর গুডস হিলের বাসায় আকস্মিক সংবাদ সম্মেলন ডাকেন। এ সময় তিনি বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে বসার আহ্বান জানান। সাকা চৌধুরী বলেন, ‘সংবিধান-টংবিধান কোনো ব্যাপার নয়। প্রধান বিচারপতি যা রায় দেবেন, সেটা সর্বোচ্চ আইন। উনারা যখন এ কথা বলেছেন, এর পরিপন্থী কথা বলা বিপজ্জনক। এতে আদালত অবমাননা হবে।’গত বৃহস্পতিবার শপথ নেওয়ার পর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংবিধান পুনর্মুদ্রণের তাগিদ দিয়ে বলেন, ‘পঞ্চম সংশোধনীর চূড়ান্ত রায়ের পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে গেছে। সংশোধনীসহ সংবিধান পুনর্মুদ্রণের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ সাকা চৌধুরী মনে করেন, প্রধান বিচারপতির দেওয়া বক্তব্যে সংসদের অবমাননা হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে বলেন, ‘উনি রায় দিলে আইন হয়ে যায়। তাহলে সংসদে আইন প্রণয়নের কোনো প্রয়োজন নেই। আইন প্রণয়নের ক্ষমতা প্রধান বিচারপতি নিয়ে নিয়েছেন। যেহেতু প্রধান বিচারপতি এই দায়িত্ব নিয়েছেন, তাহলে তো সংসদের প্রয়োজনীয়তা আছে বলে এ দেশের জনগণ মনে করে না।’সাকা চৌধুরী বলেন, ‘সাংবিধানিক সরকার বলতে আমরা যা বুঝি, প্রধান বিচারপতির বক্তব্যে তা অচল হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংবিধান সর্বোচ্চ আইন। এর কাঠামো ধসে পড়ার উপক্রম হয়েছে। নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও সংসদ—এই তিনটির মধ্যে সংসদ ছাড়া অন্য দুটো প্রতিষ্ঠান সরাসরি সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধানের শপথ গ্রহণ করে থাকে। সংসদ কিন্তু সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে।’সাকা চৌধুরী টিভি টক শোতে অংশ নেওয়া ব্যক্তিদের সমালোচনা করে বলেন, ‘টক শোতে বিজ্ঞের কোনো অভাব নেই। আমাদের বিজ্ঞরা বলেন, বিচার বিভাগ-সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও রক্ষক। আপনারা জানেন, আমার শিক্ষাগত যোগ্যতা মোটেও নেই। আমি এই কিতাবের (সংবিধান দেখিয়ে) ১৫২ অনুচ্ছেদের সব পড়েছি। কোন জায়গায়, কোন শব্দের মাধ্যমে সুপ্রিম কোর্টকে অভিভাবক ও রক্ষক বলা হয়েছে, তা একটু জানিয়ে দেন।’