প্রধান বিচারপতির বাসভবনে দুটি ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সরকারি বাসভবনে গত বৃহস্পতিবার রাতে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।বিএনপি অভিযোগ করেছে, সরকার প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলার ‘নাটক সাজিয়ে’ এ মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে ফাঁসানোর চেষ্টা করছে।সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রমনা পার্ক-সংলগ্ন সড়ক থেকে ১৯ হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনের ভেতর পর পর দুটি ককটেল ছুড়ে মারা হয়। এগুলো সীমানা দেয়ালের কিছুটা ভেতরে বৈদ্যুতিক খুঁটি ও এর পাশে পড়ে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। প্রধান বিচারপতি এ সময় বাসভবনেই ছিলেন। পুলিশের ধারণা, চলন্ত কোনো যানবাহন থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে।ওই বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য শাহাজুল প্রথম আলোকে জানান, বিস্ফোরণের শব্দ পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, জর্দার কৌটায় বানানো দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের খবর পেয়ে বৃহস্পতিবার রাত নয়টার কিছু পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: প্রধান বিচারপতির বাসভবন থেকে বের হওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ ঘটনা ঘটিয়েছে।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে ‘উচ্ছেদ’-এর ঘটনার সঙ্গে এই ককটেল বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি রক্ষার জন্য কেউ প্রধান বিচারপতির বাড়িতে ককটেল মারবে, এটি আমরা ভাবতেও পারি না। যদি বাড়ির জন্য এই ঘটনা ঘটে, তাহলে এ জন্য অবশ্যই তাদের জবাব দিতে হবে। প্রধান বিচারপতির বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই।’বিএনপির অভিযোগ: গতকাল রাতে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, বিএনপির নেতাদের ফাঁসাতে সরকার এ নাটক সাজিয়েছে। এ ঘটনায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও বিএনপির মহাসচিবের ছেলে আখতার হামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মিথ্যা মামলা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে এঁদের মধ্যে মোয়াজ্জেম হোসেন, হাবিব-উন-নবী ও সুলতান সালাউদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশির সময় তাঁরা বাসার সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, ভয়ভীতি প্রদর্শন ও আসবাব ভাঙচুর করেছেন।মামলা: রাত ১১টার দিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে (নম্বর ৩৯)। গতকাল রাতে পুলিশের রমনা বিভাগের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মামলার বিবরণীতে সন্দেহভাজন হিসেবে মোয়াজ্জেম হোসেন, হাবিব-উন-নবী খান, নাসিরউদ্দিন অসীম, সুলতান সালাউদ্দিন ও আখতার হামিদের নাম রয়েছে। তবে আসামির নির্ধারিত কলামে কারও নাম নেই। সেখানে আসামি হিসেবে ‘অজ্ঞাত’ উল্লেখ করা হয়েছে।রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ জানান, মামলাটি এখনো রেকর্ড হয়নি। তবে বিস্ফোরকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি শেষ পর্যায়ে।এর আগে যোগাযোগ করা হলে ডিএমপির জনসংযোগ শাখার প্রধান অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গতকালই বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে।