প্রধান বিচারপতির বাড়িতে গাড়িবোমা হামলার হুমকি
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বাসভবনে গাড়িবোমা হামলার হুমকি দিয়েছেন অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি। গত রোববার দুুপুরে প্রধান বিচারপতির বাসার ফোনে এ হুমকি দেওয়ার ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতি বিদেশে আছেন। গত রোববার দুপুরে ওই ফোনটি ধরেন তাঁর ছেলে। ফোনে বলা হয়, ‘বেশি বাড়াবাড়ি করবেন না, এবার গাড়িবোমা মারা হবে।’ এরপর আর কোনো কথা না বলে ফোন কেটে দেওয়া হয়।ওসি বলেন, প্রধান বিচারপতির বাসার ফোনটি কলার আইডি হলেও তাতে হুমকিদাতার ফোন নম্বর ওঠেনি। তিনি বলেন, প্রধান বিচারপতির ফোনের বিস্তারিত জানতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওসি নিজে বাদী হয়ে জিডি করেন বলে জানান। এর আগে ১৮ নভেম্বর প্রধান বিচারপতির বাসভবনের সীমানাপ্রাচীরের ভেতরে দুর্বৃত্তরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বিএনপির সন্দেহভাজন পাঁচ নেতাকে আসামি করে রমনা থানায় মামলা করা হয়।