প্রধান শিক্ষককে ২১টি অভিযোগের কারণ দর্শানো নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. রহিম খানের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা। সাত দিনের মধ্যে জবাব চেয়ে এ ধরনের ২১ অভিযোগের কারণ দর্শাতে পরিচালনা পর্ষদের সভাপতি ২৪ অক্টোবর তাঁকে চিঠি দিয়েছেন। পরিচালনা পর্ষদের সভাপতি অজয় কান্তি মজুমদার জানান, প্রধান শিক্ষক গত বছর ১৭ নভেম্বর এ বিদ্যালয়ে যোগদান করেই কাউকে তোয়াক্কা করেন না। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মানেন না। গত ৪ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সভায় মো. মোকতার হোসেনকে আহ্বায়ক করে প্রধান শিক্ষকের আর্থিক অনিয়মসহ সার্বিক বিষয় তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু প্রধান শিক্ষক তদন্তে কোনো ধরনের সহযোগিতা না করে কমিটির সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তাই তাঁরা তদন্ত করতে পারেননি। তদন্ত কমিটির আহ্বায়ক, পরিচালনা পর্ষদ সদস্য ও লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. মোকতার হোসেন জানান, তদন্ত করতে বিদ্যালয়ে গিয়ে যাবতীয় কাগজপত্র দেখাতে বললে প্রধান শিক্ষক অশোভন আচরণ করে বলেন, ‘তদন্ত কী, তা আমি বুঝি না। কাগজপত্র দেখাতে আমি বাধ্য নই।’ অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছেন। তদন্ত করতে না পারার বিষয়ে সভাপতিকে লিখিতভাবে জানানো হয়েছে।তিনি অভিযোগ করেন, গণিতের শিক্ষক থাকা সত্ত্বেও নবম ও দশম শ্রেণীতে জীববিজ্ঞানের শিক্ষক দিয়ে গণিতের ক্লাস নেওয়ানো হয়। প্রধান শিক্ষক নিজে ইংরেজির শিক্ষক হওয়া সত্ত্বেও ধর্মীয় শিক্ষক দিয়ে এ দুই শ্রেণীতে ইংরেজি ক্লাস করান। প্রধান শিক্ষক ক্লাসে গিয়ে ছাত্রীদের সঙ্গে বাহুল্য গল্প করেন। শিক্ষক দিয়ে গঠিত অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটিকে সহযোগিতা না করে হুমকি দিয়েছেন। পাঠদান শুরুর আগে শিক্ষার্থীদের সমাবেশ (অ্যাসেম্বিলি) করতে বললেও তা তিনি করেন না। সহশিক্ষা কার্যক্রম করান না। শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে পরিচালনা পর্ষদের মতবিনিময়ের আয়োজন করতে বললে তিনি কটাক্ষ করেন। ক্লাস চলাকালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণী) পরীক্ষার্থীদের একটি কোচিং সেন্টারে ক্লাস করার ব্যবস্থা করেছেন। অভিযোগ আছে, তিনি ওই কোচিং সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট। এসএসসির নির্বাচনী পরীক্ষায় ৪০ জন পরীক্ষা দিয়ে সব বিষয়ে একজন পাস করেছে। সব মিলিয়ে প্রধান শিক্ষকের কারণে বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনা চলছে। কোনো শৃঙ্খলা নেই। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে। বিদ্যালয় এখন ধ্বংসের পথে।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম আরিফ-উ-দ্দৌলা প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটির কাছে ১৬ সেপ্টেম্বর লিখিতভাবে বিভিন্ন অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রধান শিক্ষক আমাকে সহ অন্য শিক্ষকদের যখন-তখন অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও চাকরিচ্যুতির ভয় দেখান। শিক্ষকেরা তাঁর খামখেয়ালিপনার শিকার। ফলে শিক্ষার পরিবেশ মারাত্মক ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক মো. আ. রহিম খান প্রথম আলোর কাছে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যালয়ের সভাপতি মায়ের সম্পত্তি দান করে দাতা সদস্য হয়ে সভাপতি হয়েছেন। কিন্তু তাঁর মা ছেলেকে দাতা সদস্য করতে দানপত্রে উল্লেখ করেননি। তাই তাঁর সভাপতি হওয়ার বৈধতা নেই, এ বিষয়টি আমি বলেছি।’ পরিচালনা পর্ষদ সদস্য ও শিক্ষকদের গালিগালাজ করার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, একাডেমিক বিষয় দেখোর এখতিয়ার প্রধান শিক্ষকের। এখানে পরিচালানা পর্ষদের খবরদারির সুযোগ নেই। তদন্ত কমিটি গঠনের সভাটি হযবরল ছিল। সভায় পরিচালন পর্ষদের সদস্যরা বলেছিলেন, ‘তদন্ত করতে হবে। আমি বলেছিলাম, এখন তদন্ত করা যাবে না। তাই তদন্ত কমিটিকে কাগজপত্র দেখাইনি।’ তিনি জানান, নবম শ্রেণীতে জীববিজ্ঞানের শিক্ষক ক্লাস নেন, তবে দশম শ্রেণীতে গণিতের শিক্ষক নেন। ধর্মীয় শিক্ষক ইংরেজিতে দক্ষ বলে তাঁকে দিয়ে ইংরেজি ক্লাস নেওয়ানো হয়। তাঁর বিরুদ্ধে ক্লাসে বাহুল্য কথা বলার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ক্লাস বাদ দিয়ে একদিন ছাত্রীরা কোচিং সেন্টারে ক্লাস করেছে। এ ছাড়া বন্ধের মধ্যে কোচিংয়ে ক্লাস করে। তিনি দাবি করেন, তাঁর সঙ্গে কোচিং সেন্টারের সংশ্লিষ্টতা নেই। একজন পাস করার কথা স্বীকার করে প্রধান শিক্ষক জানান, ১২ জন বা তার বেশি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ইচ্ছা আছে। বলেন, ‘অনিয়ম আমার মধ্যে থাকতে পারে, তবে শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা নেই।’