প্রধান শিক্ষকের পদটি ১ বছর ধরে শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার জয়শ্রী ইউনিয়নের সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে মাত্র দুজন শিক্ষক দিয়ে। প্রধান শিক্ষকের পদটি এক বছর ধরে শূন্য রয়েছে। ফলে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।উপজেলা শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে এ বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৮৭। গত বছর ছিল ৬৮ জন। প্রধান শিক্ষক বিপ্রেশ রঞ্জন চৌধুরী দেড় বছর আগে এ বিদ্যালয়ে যোগদান করলেও প্রায় এক বছর আগে তিনি অব্যাহতি নেওয়ায় পদটি শূন্য হয়। ওই বিদ্যালয়ের তিনটি পদের বিপরীতে শিক্ষক রয়েছেন দুজন। এর মধ্যে সহকারী শিক্ষক রিপা আক্তার ২০০৭ সালের ৯ জুলাই ও শারমিন আক্তার ২০০৯ সালের ২৬ জুলাই এ বিদ্যালয়ে যোগদান করে কার্যক্রম চালিয়ে আসছেন।বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আবদুল হাই বলেন, প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় শিক্ষক-সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। প্রধান শিক্ষক পদে শিক্ষক দেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার লিখিতভাবে জানালেও কোনো কাজ হয়নি।জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল আউয়াল বলেন, ‘প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়টি বর্তমানে অভিভাবকহীন রয়েছে। ফলে এ বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। আমি আগামী উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় এ সমস্যা সমাধানে কথা বলব।’বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপা আক্তার বলেন, ‘আমাদের দুজন শিক্ষকের পক্ষে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের সুষুমভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।