ভোলার বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বেআইনিভাবে সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলামকে বহিষ্কার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শফিকুল ইসলাম ভোলা সহকারী জজ আদালতে ৫ জুলাই মামলা দায়ের করেছেন। একই সঙ্গে ন্যায়বিচারের দাবিতে ৮ জুলাই ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বরাবর লিখিত অভিযোগপত্র দিয়েছেন।অভিযোগপত্রে উল্লেখ আছে, মো. শফিকুল ইসলাম ১৯৭৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৮২ সালের ১১ এপ্রিল পর্যন্ত দৌলতখান উপজেলার আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮২ সালের ১২ এপ্রিল শিক্ষক কাম করণিক পদে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। ১৯৯৫ সালে তিনি প্রাইভেট পরীক্ষা দিয়ে বিএ পাস করেন। ২০০৮ সালে স্কুল পরিচালনা পর্ষদ তাঁকে বর্তমান শিক্ষানীতি অনুযায়ী বিএ পাসের যোগ্যতাভিত্তিক বেতন তোলার অনুমতি দেন।এ দিকে ২০০৬ সালের ২৯ মে দলীয় প্রভাব খাটিয়ে মো. মোস্তফা কামাল অবৈধভাবে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। এ ঘটনায় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফছিউর রহমান এ নিয়োগ অবৈধ দাবি করে ২০০৭ সালের ১৯ মে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন। মন্ত্রণালয়ের নির্দেশে সিনিয়র অ্যাসিস্টেন্ট চিফ এম জালাল আহমেদ ২০০৭ সালে ২৪ জুন সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. হাসানুল মতিন ২০০৮ সালের ১৩ অক্টোবর দুটি চিঠি দিয়ে প্রধান শিক্ষকের এমপিও বন্ধ এবং তাঁর গৃহীত বেতন-ভাতাদির সরকারি তহবিলের অংশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেন। এ নির্দেশের বিরুদ্ধে প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন এবং পরে স্বেচ্ছায় রিট তুলে নেন। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহায়তায় আবারও ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর বেতন-ভাতা ছাড় করান। এবার এর বিরুদ্ধে স্কুল কমিটির সদস্য ছালাউদ্দিন পাটওয়ারী হাইকোর্টে ২০০৯ সালের অক্টোবর রিট করেন। বর্তমানে এ রিটের শুনানি চলছে। অভিযোগে আরও উল্লেখ আছে, স্কুল কমিটির সভাপতি ও অধিকাংশ সদস্য প্রধান শিক্ষকের আত্মীয়স্বজন। তাদের সহযোগিতায় প্রধান শিক্ষক ইচ্ছেমতো স্কুল তহবিলের টাকা লুটপাট করছেন। গত ২২ জানুয়ারি এক সভায় প্রধান শিক্ষকের নিজস্ব মামলা চালানোর জন্য স্কুল তহবিল থেকে দুই লাখ ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমি ৩০ জুন ডাকযোগে প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি চিঠি পাই। তাতে আমাকে বহিষ্কার করার কথা উল্লেখ রয়েছে। বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করেছেন, আমার নিয়োগ ও যোগদান সম্পূর্ণ ভুয়া। এ জন্য স্কুল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছি।’প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমার স্কুল কমিটির কার্যকরী পরিষদ নির্বাচিত। আমার আত্মীয় হলেও সভাপতি আমি বানাইনি। একটি বিপক্ষ দল দীর্ঘদিন আমার এবং স্কুলের পড়ালেখার ক্ষতি করছে। কমিটি দয়া করে আমার ক্ষতিপূরণ দেওয়ার জন্য দুই লাখ ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি তা নিইনি। অন্য দিকে শফিকুল ইসলাম জাল-জালিয়াতি করে স্কুলে সহকারী শিক্ষক কাম করণিক পদে চাকরি নিয়েছেন। তাঁকে কমিটি নিয়োগ দেয়নি। তাই বিধিসম্মতভাবেই তাঁকে বহিষ্কার করা হয়েছে।’বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্কুলের অনেক শিক্ষক আমার আত্মীয়। সহকারী শিক্ষক শফিকুল ইসলামও আমার আত্মীয়। কিন্তু আত্মীয় আমার কাছে বড় নয়, বড় স্কুল। শিক্ষকেরা দলাদলি করে শিক্ষায় মনোনিবেশ করছে না। একটি কমিটি প্রধান শিক্ষককে নিয়োগ দিয়েছে। সেটা মেনে নিতে দোষ কী? তা না করে তাঁর বিরুদ্ধে মামলা করে স্কুলের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। এ জন্য আমরা বাধ্য হয়ে স্কুলের তহবিল থেকে ওই টাকা প্রধান শিক্ষককে দেওয়ার জন্য রেজুলেশন করেছি। আসলে ওই টাকা দেওয়া হবে না।’জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সহকারী শিক্ষক শফিকুল ইসলামের আবেদন পেয়ে তা তদন্তে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে।’