প্রধান সন্দেহভাজন নূর হাজি হাসপাতাল থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফজলুল হক (৩৬) খুনের প্রধান সন্দেহভাজন ব্যক্তি একই ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ হাজি (৬৫) গ্রেপ্তার হয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে। পরে নূর মোহাম্মদকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ৮ জানুয়ারি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নূর মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা জানান, নূর মোহাম্মদের অবস্থার উন্নতি হয়েছে।ফজলুল হক হত্যা মামলাটি ডিবি তদন্ত করছে। ডিবির উপকমিশনার মো. মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, রিমান্ডে থাকা আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। ফজলু হত্যায় জড়িত থাকার বিষয়ে শুরু থেকে ডিবি নূর মোহাম্মদকে সন্দেহ করছিল। এ কারণে তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়। পুলিশ জানায়, রাজধানীতে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের খাতায় নূর মোহাম্মদ হাজির নাম আছে।তদন্তের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জসিমউদ্দিন নূর মোহাম্মদের নাতি। জিজ্ঞাসাবাদে তিনি ডিবিকে জানান, খুনের আগের দিন বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন নূর মোহাম্মদের সঙ্গে তাঁরা বৈঠক করেন। ওই বৈঠকে খুনের ব্যাপারে দিকনির্দেশনা দেন নূর মোহাম্মদ। তাঁর নির্দেশেই ১৪ জানুয়ারি পশ্চিম আগারগাঁওয়ে বাইতুন নূর জামে মসজিদের সামনে ফজলুল হককে গুলি করে হত্যা করা হয়। জসিম ডিবিকে জানান, ৮ জানুয়ারি আগারগাঁওয়ের বিএনপি বাজার সমবায় সমিতির কার্যালয়ে নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হন। এই হামলার পেছনে ফজলুর হাত ছিল সন্দেহে নূর মোহাম্মদ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং ফজলুকে হত্যার পরিকল্পনা করেন। তদন্তকারী কর্মকর্তারা জানান, নূর মোহাম্মদ ফজলুকে সন্দেহ করলেও তিনি এ ঘটনায় জড়িত ছিলেন না।জসিম তদন্তকারীদের আরও জানান, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ফজলু ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করতে চেয়েছিলেন। ওই ওয়ার্ড থেকে নূর মোহাম্মদও প্রার্থী হতে চেয়েছিলেন। এতে তিনি ফজলুর ওপর ক্ষিপ্ত হন। নূর মোহাম্মদ নিজের পথ পরিষ্কার করতে হত্যার পথ বেছে নেন। এ ছাড়া ফজলুল হক মাদকের বিপক্ষে অবস্থান নেওয়ায় নূর হাজি আগে থেকেই তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। এই হত্যাকাণ্ডে নূর মোহাম্মদের ছেলে মিন্টুরও হাত আছে বলে জসিম জিজ্ঞাসাবাদে জানান। ডিবি সূত্র জানায়, এর আগে গ্রেপ্তার হওয়া দুলাল মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পর আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।ফজলুল হক হত্যাকাণ্ডে পুলিশ ও র‌্যাব মিলে এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের অধিকাংশই রিমান্ডে আছে।