প্রধান সালিসকারী রিমান্ডে, নতুন মামলার তদন্ত শুরু
কিশোরী হেনাকে দোররা মেরে হত্যা মামলার আসামি ও প্রধান সালিসকারী ইদ্রিস শেখকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শনিবার শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্ত এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার দায়ের হওয়া নতুন মামলার তদন্ত শুরু হয়েছে।আদালত সূত্র জানায়, সকাল ১০টার দিকে আসামি ও নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্র্রিস শেখকে আদালতে হাজির করা হয়। আদালত ইদ্রিসকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি পুলিশের সাত দিনের রিমান্ডের আবেদনের ওপর শুনানি শুরু করেন। হেনা হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী রওশন আরা বেগম ও মুরাদ হোসেন মুন্সী রিমান্ড মঞ্জুরের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আইনজীবী রওশন আরা বেগম বলেন, ‘আমাদের জিজ্ঞাসাবাদে আসামি ইদ্রিস শেখ বলেছেন, গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে হেনা ধর্ষণের শিকার হয় এবং ওই রাতে তাকে বেদম মারধর করা হয়। এ কারণেই পরের দিন তাকে ফতোয়া দিয়ে দোররা মারা হয়।’সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান গতকাল প্রথম আলোকে জানান, হেনা হত্যা মামলাটি সিআইডিতে ন্যস্ত হওয়ার পর প্রধান আসামি মাহাবুবকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ (শনিবার) রিমান্ডের তৃতীয় দিন হলেও মাহাবুব উল্লেখযোগ্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তিনি জানান, হেনাকে দোররা মারার রায় দেওয়া প্রধান সালিসকারী ইদ্রিস শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।নিহত হেনার দরিদ্র বাবা দরবেশ খাঁ বলেন, উচ্চ আদালতের নির্দেশে পুলিশ হেনাকে ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারার অভিযোগে আরেকটি মামলা নিয়েছে। আদালতের পদক্ষেপে আমি খুশি। এখন মনে হচ্ছে, মেয়ে হত্যার বিচার পাব। আশা করি, হেনা হত্যার ঘটনাটি নিয়ে আর কেউ কোনো প্রতারণা করতে পারবে না।নতুন মামলার তদন্ত শুরু: কিশোরী হেনাকে ধর্ষণ, ধর্ষণ আড়াল করার চেষ্টা এবং ফতোয়া দিয়ে দোররা মেরে হত্যার অভিযোগে হাইকোর্টের নির্দেশে গত শুক্রবার হেনার মা নড়িয়া থানায় আরেকটি মামলা করেন। গতকাল শনিবার থেকে ওই মামলার তদন্ত শুরু করেছেন তদন্ত কর্মকর্তা ও নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী কামাল হোসেন। গতকাল সকাল ১০টার দিকে তিনি চামটা গ্রামে গিয়ে হেনার পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। তদন্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘নতুন মামলার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আগের করা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছয় আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই সঙ্গে পলাতক ১২ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’