প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ঘোষণা দিলেই সংলাপের পথ উন্মুক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার হবে নির্দলীয় নিরপেক্ষ—এটি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করতে হবে এবং এ বিষয়ে সংবিধান সংশোধন করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। তাহলেই সংলাপের পথ উন্মুক্ত হবে।আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুস্তক প্রদর্শনীর উদ্বোধনকালে মওদুদ আহমদ এ কথা বলেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা ওই প্রদর্শনীর আয়োজন করে।নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সংলাপের উদ্যোগ নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় স্পিকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তবে বিএনপির এই নেতার মতে, এ ক্ষেত্রে স্পিকারের কোনো ভূমিকা নেই। মূল ভূমিকা প্রধানমন্ত্রীর।মওদুদ বলেন, দলীয় সরকারের অধীনে অথবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে রেখে যদি অন্তর্বর্তীকালীন সরকার করা হয়, তাহলে বিএনপি আলোচনায় যাবে না। ওই সংলাপে বিএনপি বিশ্বাস করে না। তাঁর মতে, নির্বাচনকালীন সরকারব্যবস্থার নাম নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে অন্তর্বর্তীকালীন অর্থ হতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এ বিষয়টি স্পষ্ট করে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলে সংবিধানে কিছু নেই। এটি করতে হলেও প্রথমে সংবিধান সংশোধন করতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা মাহমুদুর রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।