প্রধানমন্ত্রী আলোচনা করতে বললেন, শিক্ষকেরা রাজি নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর বৃষ্টির মধ্যে গতকাল বৃহস্পতিবারও উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের সঙ্গে একাত্মতা করেছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তবে পদত্যাগ করবেন না বলে গতকালও উপাচার্য সাংবাদিকদের জানিয়েছেন।উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন উপাচার্য, সহ-উপাচার্য ও সিন্ডিকেটের ছয় সদস্য। উপাচার্য এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সংক্ষেপে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছি। তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে বলেছেন।’ পদত্যাগের বিষয়ে কোনো কথা হয়নি বলেও তিনি জানান।এর আগে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ নেই। সে ক্ষেত্রে পদত্যাগ করা অনৈতিক হবে।’সম্প্রতি শিক্ষামন্ত্রীর বুয়েট বন্ধ করা ঠিক হয়নি বলে মন্তব্য সম্পর্কে উপাচার্য বলেন, ‘এটি শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য। ক্যাম্পাসে আমরা ছিলাম। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হয়েছে।’শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। আড়াই বছর ধরে আলোচনা চললেও ফল পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আলোচনার নামে সময়ক্ষেপণ চলছে। কিন্তু বুয়েট পরিবারের কেউ এখন আর আলোচনার বিষয়ে আগ্রহী নয়। তাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, বুয়েটকে রক্ষার খাতিরে তাঁরা যেন এ দুজনকে অব্যাহতি দেন।’গতকাল প্রায় দিনভর ছিল বৃষ্টি। বুয়েট প্রশাসনিক ভবনের সামনে তাই শামিয়ানা টানিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিপরীত পাশের কাউন্সিল ভবনের নিচেও তাঁরা অবস্থান নেন। দিনভর তাঁরা সেখানেই অবস্থান করছিলেন। অলস সময় কাটাতে শিক্ষার্থীদের দল বেঁধে গান গাইতে দেখা যায়।সন্ধ্যায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বুয়েটের বর্তমান পরিস্থিতি দুঃখজনক। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটির ঐতিহ্য নষ্ট হওয়ার পথে। যেকোনো মূল্যে এটি রক্ষা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ে যখনই কথা হয়, তখনই বুয়েট নিয়ে কথা বলি। কিন্তু এমন ধারণা পাই যেন বুয়েট ভালোই চলছে।’এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মুবাশ্বির হোসেন, খন্দকার মাহবুব, গোলাম রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে ভূতাপেক্ষ নিয়োগ দেওয়া বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখার সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার কামাল উদ্দীনকে রেজিস্ট্রার করার উদ্যোগ, ছাত্রলীগের এক নেতাকে বিশেষ সুযোগ দেওয়া, শিক্ষক নিয়োগ ও প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণসহ ১৬টি অভিযোগ তুলেছে শিক্ষক সমিতি। এসব অভিযোগে দ্বিতীয় দফায় তাঁরা কর্মবিরতির ঘোষণা দিলে কর্তৃপক্ষ বুয়েট বন্ধ ঘোষণা করে। এরপর শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তাঁদের সঙ্গে যোগ দেয় শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।