প্রধানমন্ত্রী ইভিএমের পক্ষে বলেই বিএনপির বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে জোরালো প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সিলেটে দেওয়া ভাষণেও ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দিয়েছেন। বলা হচ্ছে, এর মাধ্যমে ভোট কারচুপি করা সম্ভব। কিন্তু নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মতে, বিএনপি আশঙ্কা অমূলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমের ব্যবহারকে সমর্থন করেন বলেই বিএনপি এখন এর বিরোধিতা করছে। পুরো বিষয়টিই নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ফসল। এ বিষয়ে প্রথম আলো অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এম সাখাওয়াত।প্রথম আলো: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচনের নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে। এর ফল কতটা ইতিবাচক হবে?এম সাখাওয়াত হোসেন: নির্বাচন কমিশন এর শতভাগ সাফল্যের ব্যাপারে আশাবাদী। এই পদ্ধতিতে কেন্দ্র বা বুথ দখলের প্রবণতা কমে যাবে। কমে যাবে নির্বাচনী সহিংসতা। ব্যালট পেপার, কাগজ-কালি-কলম, সিল ইত্যাদির দরকার হবে না। এতে সরকার আর্থিকভাবেও লাভবান হবে। বিএনপি আপত্তি জানালেও নারায়ণগঞ্জের ভোটাররা ইভিএম নিয়ে যথেষ্ট উত্সাহী বলেই আমাদের কাছে রিপোর্ট আছে। এর ইতিবাচক ফল নির্বাচনেই দেখা যাবে। অন্যান্য কেন্দ্রের চেয়ে ইভিএম ব্যবহার হওয়া কেন্দ্রে ভোট গ্রহণের হার বেশি হবে। ভোট গ্রহণ শেষে গণনা করতে আধা ঘণ্টা বা এক ঘণ্টার মতো সময় লাগতে পারে। অন্যান্য কেন্দ্রের চেয়ে এসব কেন্দ্রে ভোটের ফলও আগে পাওয়া যাবে।প্রথম আলো: ইভিএম নিয়ে বিএনপি আশঙ্কা প্রকাশ করছে। এর কারণ কী?সাখাওয়াত হোসেন: আশঙ্কা অমূলক। নির্বাচন কমিশন তো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহার করেছিল এবং সাফল্যজনকভাবেই ব্যবহার করেছে। সেই নির্বাচনে তো বিএনপি-সমর্থিত প্রার্থীই জিতেছিল। কই, তখন তো তারা আপত্তি করেনি। তা ছাড়া ইভিএমের ধারণা যে আমরাই প্রথম শুরু করেছি, বিষয়টি কিন্তু এমন নয়। নির্বাচন কমিশন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের প্রথম প্রকল্প হাতে নিয়েছিল ২০০২ সালে সিইসি এম এ সাঈদের সময়ে। তখন ক্ষমতায় ছিল বিএনপিই। তখন যেকোনো কারণেই হোক, প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার আর সে রকম হচ্ছে না। আমরা প্রকল্প চালু করে দিয়ে যাচ্ছি। এটি কীভাবে ব্যবহার হবে, সেটা পরের কমিশন ঠিক করবে।প্রথম আলো: বিএনপির ইভিএমের বিরোধিতার পিছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে?সাখাওয়াত হোসেন: উদ্দেশ্য বলা যাবে না। বলতে হবে নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি। নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনার কথা আমরাই প্রথম বলেছিলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আমার মনে হচ্ছে, প্রধানমন্ত্রী ইভিএমের পক্ষে কথা বলেছেন বলেই বিএনপি এখন এর বিরোধিতা করছে। এখন তো মনে হচ্ছে, নবম সংসদ নির্বাচনের আগে এমন পরিস্থিতি থাকলে তো ছবিসহ ভোটার তালিকাই তৈরি করা সম্ভব হতো না। কারণ আওয়ামী লীগই প্রথম ছবিসহ ভোটার তালিকার দাবি করেছিল। সুতরাং বিএনপি নিশ্চিতভাবেই বিরোধিতা করত। তখন পরিস্থিতির কারণে তারা বিরোধিতা করেনি।প্রথম আলো: বিএনপি একটি ইভিএম প্রদর্শন করে বলেছে, এর মাধ্যমে নাকি ভোট কারচুপি করা সম্ভব?সাখাওয়াত হোসেন: বিএনপি যে মেশিনের প্রদর্শনী করেছে, তার সঙ্গে আমাদের মেশিনের কোনো মিল নেই। আমাদের তৈরি করা মেশিনে হ্যাকিংয়ের কোনো সুযোগ নেই। কারণ নির্বাচনের আগে ইভিএমের প্রোগ্রামিংয়ের কাজ সব দলের নির্বাচিত বিশেষজ্ঞদের উপস্থিতিতে করা হবে। আর এই প্রোগ্রামিং একবারই হবে, দ্বিতীয়বার করা সম্ভব নয়। ইভিএমের সঙ্গে কোনো কম্পিউটারের আন্তসংযোগ দেওয়ার সুযোগও নেই। আমরা ভারতের ইভিএমের সঙ্গে আমাদের মেশিনের তুলনা করেও দেখেছি। আমাদের মেশিনে নিরাপত্তা অনেক বেশি। মেশিনের কার্ড থাকবে ভোট গ্রহণ কর্মকর্তার কাছে। কার্ড খুলে ফেললেই মেশিন বন্ধ। সুতরাং কেন্দ্র বা বুথ দখল করে কেউ ব্যালট পেপারে সিল মারবে—এই পদ্ধতিতে সেই সুযোগ নেই। তাই সমালোচনা বা তুলনা করার আগে বিএনপি উচিত ছিল একবার এসে নির্বাচন কমিশনের তৈরি করা মেশিনটি দেখে যাওয়া। আমরা তো আমন্ত্রণও জানিয়েছিলাম। কিন্তু তারা আসেনি। না এসে এবং একটি মেশিন না দেখে এ ধরনের সমালোচনা করাটা দুঃখজনক। প্রথম আলো: বিএনপি বিভিন্ন সভা-সমাবেশ এবং আলোচনায় বলছে, বর্তমান কমিশন নিরপেক্ষ নয়। এ বিষয়ে আপনার মন্তব্য কী?সাখাওয়াত হোসেন: তারা বারবার একটাই কথা বলছে, এই কমিশনের অধীনে নির্বাচন করবে না, এই কমিশন নিরপেক্ষ নয়। কিন্তু মজার বিষয় হলো তারা সব নির্বাচনেই অংশ নিয়ে যাচ্ছে, বর্জন তো কোথাও করছে না এবং আন-অফিসিয়ালি এখন পর্যন্ত বিভিন্ন নির্বাচনে তাদের জয়ের পাল্লাই ভারী। আর একটি বিষয় বিএনপির নেতাদের মনে করিয়ে দিতে চাই। এই কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে। অর্থাত্ আগামী সংসদ নির্বাচনের সময় আমরা থাকব না। সুতরাং ‘এই কমিশনের অধীনে নির্বাচন করব না’—তাদের এমন বক্তব্য অর্থহীন।