প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মিথ্যাচার করছেন: এম কে আনোয়ার
বিএনপির নেতা এম কে আনোয়ার অভিযোগ করেছেন, বর্তমান সরকার গত চার বছরে জাতিকে বিভিন্ন কেলেঙ্কারি, মিথ্যাচার, দুর্নীতি ও বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। তাই কেলেঙ্কারি ঢাকতে মিথ্যাচার শুরু করেছে সরকার। সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন বিষয়ে মিথ্যাচার করছেন।আজ শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ আটক নেতা-কর্মীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ঢাকা জেলা যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে এম কে আনোয়ার এসব কথা বলেন।বিএনপির এই নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তার নামে মিথ্যাচার করছেন। বাস্তবে দ্রব্যমূল্য জনগণের নাগালের বাইরে। সরকার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে উন্নয়নের নামে লুটপাট করছে সরকার।এম কে আনোয়ারের অভিযোগ, প্রধানমন্ত্রীর পর অর্থমন্ত্রী মিথ্যাচারে নেমেছেন। তিনি দেশের অর্থনীতি ডোবানোর পর রাজনীতি নিয়ে মিথ্যাচার করছেন। শেয়ারবাজার কেলেঙ্কারি, পদ্মা সেতু দুর্নীতি, হল-মার্ক কেলেঙ্কারি, ডেসটিনি কেলেঙ্কারি ঢাকতে অর্থমন্ত্রী মরিয়া হয়ে উঠেছেন। তিনি অভিযোগ করেন, ‘হল-মার্কের চার হাজার কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকা সরকারের উচ্চপর্যায়ের লোকের পকেটে গেছে। এটা জায়েজ করতে অর্থমন্ত্রী হল-মার্কের ওই টাকা পুনঃ তফসিল করার কথা বলছেন।’ সরকার এসব কেলেঙ্কারি ধামাচাপা দিতে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে—এমন অভিযোগ করে তিনি বিরোধী দলের আটক নেতা-কর্মীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।