প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সম্পদের হিসাব চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংসদ ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার ও আপনার পরিবারের সম্পদের হিসাব দেন। নইলে মানুষ মনে করবে, এই সম্পদ দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে।’আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বিরোধীদলীয় সংসদীয় দল। সেখানে এম কে আনোয়ার এ দাবি জানান।এম কে আনোয়ার সরকারদলীয়দের সম্পদের হিসাব দেওয়ারও দাবি জানান। তিনি বলেন, ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, সবার সম্পদের হিসাব দেওয়া হবে। কিন্তু তারা সেটা করেনি। যাঁরা নতুন ব্যাংকের অনুমোদন পেয়েছেন, তাঁদের সম্পদের হিসাবও জনগণ জানতে চায় বলে তিনি মন্তব্য করেন।এম কে আনোয়ার বলেন, তারেক রহমানসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলাগুলো মিথ্যা। তিনি এসব মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় তাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার করেছে। অথচ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে করা কোনো মামলাই প্রত্যাহার করেনি। এই সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো বিএনপি ক্ষমতায় গেলে পরীক্ষা করে পুনরুজ্জীবিত করবে।মানববন্ধনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।