প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন করের আওতায় যাচ্ছে
মন্ত্রীদের বেতনের ওপর কর আরোপসংক্রান্ত দুটি আইনের সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। সংশোধনী দুটি জাতীয় সংসদে পাস হলে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতনের ওপর কর দিতে হবে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। আবুল কালাম আজাদ বলেন, বর্তমান আইন অনুযায়ী, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের বেতন করমুক্ত। এ আইন সংশোধন করে তাঁদের বেতন করের আওতায় আনার প্রস্তাব গতকাল অনুমোদন করা হয়েছে।বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়। আইনটি আন্তর্জাতিক মানের করতে সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে মানি লন্ডারিংয়ের দায়ে সর্বোচ্চ ১২ বছর থেকে সর্বনিম্ন চার বছর কারাদণ্ডের এবং কেউ মিথ্যা তথ্য দিলে তিন বছর শাস্তির বিধান রাখা হয়েছে। এ ছাড়া জরিমানা হিসেবে সম্পত্তি বাজেয়াপ্তসহ ওই সম্পত্তির দ্বিগুণ অথবা ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।বৈঠকে জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা, ২০০৬ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশোধনী প্রস্তাবে রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলগুলোর (ইপিজেড) ‘সি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোকেও জাতীয় ট্রফির জন্য মনোনীত করার বিধান রাখা হয়েছে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহারসংক্রান্ত চুক্তি অনুসমর্থন এবং বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসংক্রান্ত চুক্তি অনুমোদন দেওয়া হয়।