প্রধানমন্ত্রী কাল আবুধাবি যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রোববার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। তেলসমৃদ্ধ দেশটি সফরের সময় তিনি আগামী সোমবার থেকে অনুষ্ঠেয় আগামী দিনের জ্বালানি শীর্ষক সম্মেলনে (ডব্লিউএফইএস) যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আবুধাবি সফরের সময় দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হবে।জানতে চাইলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন আজ শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দ্বৈত কর প্রত্যাহার ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও সুরক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর সফরের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এ সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও রাজপরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক হবে।কূটনৈতিক সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের অসুস্থতার কারণে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত বৈঠকটি শেষ পর্যন্ত হচ্ছে না। সম্প্রতি ব্যায়াম করার সময় হাত ভেঙে যাওয়ায় আল নাহিয়ান এখন হাসপাতালে শয্যাশায়ী।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কাল সকাল নয়টায় বিমানের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন। ১৯ জানুয়ারি বিকেলে তাঁর ঢাকায় ফেরার কথা।