প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সফরে কাল বুধবার দুপুরে তুরস্ক যাচ্ছেন। অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগামী বৃহস্পতিবার দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের পর ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণু বিভাগের মহাপরিচালক নজরুল ইসলাম আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আগামী বৃহস্পতিবার তুরস্কের প্রধানমন্ত্রী রেসিপ তায়িপ এরদোগানের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকের পর ছয়টি চুক্তি ও এমওইউ স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তিগুলো হচ্ছে দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্প্রসারণ ও সুরক্ষা, কর-সহযোগিতা এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা রহিতকরণ। এমওইউগুলো হচ্ছে কৃষি সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং তুরস্কের কোনিয়া ও বাংলাদেশের সিলেটের মধ্যে নাগরিক সহযোগিতা।নজরুল ইসলাম জানান, এ ছাড়া তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় তুর্কি দূতাবাস নির্মাণের জমি হস্তান্তরের সম্মতিপত্র সই হবে। তিন দিনের তুরস্ক সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল, পার্লামেন্টের স্পিকার সেমিল সিসেকের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এ ছাড়াও তিনি পরিদর্শন করবেন আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্কের স্মৃতিসৌধ। সফরের তৃতীয় দিন অর্থাত্ ১৩ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে ‘জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক এক বক্তৃতা দেবেন। তিনি ওই দিন তুরস্কের ব্যবসায়ীদের শীর্ষ দুই সংগঠন টাসকন ও টোবের দুটি আলাদা সমাবেশে বক্তৃতা করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আঙ্কারার উদ্দেশে ঢাকা ছাড়বেন। তুরস্ক সফরের সময় ৫৬-সদস্যের এক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরের সময় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ৫৬ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদল তুরস্ক সফর করবেন।