প্রধানমন্ত্রী কাল নারায়ণগঞ্জ যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রোববার দুপুরে নারায়ণগঞ্জে যাবেন। প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জ ১০০ মেগাওয়াট ও বন্দর উপজেলার মদনগঞ্জে ১০২ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী হরিপুরে ৩৬০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। এরপর বিকেলে তিনি স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার জানান, কাল বেলা আড়াইটায় শেখ হাসিনা নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন। এর পর বিকেল সোয়া তিনটায় তিনি শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে অবস্থিত বন্দর উপজেলার হরিপুরে ৩৬০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। তিনটা ৫০ মিনিটে তিনি বন্দর উপজেলার মদনগঞ্জে সামিট গ্রুপের ১০২ মেগাওয়াট কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।জেলা প্রশাসক মো. সামছুর রহমান জানান, প্রধানমন্ত্রী একই দিনে দুই ঘণ্টার ব্যবধানে পাঁচটি ভেন্যু পরিদর্শন করবেন। এ জন্য ফতুল্লার খান সাহেব আলী ওসমান আলী স্টেডিয়াম ও বন্দর উপজেলার সোনাকান্দা মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে থেকে নৌপথে শীতলক্ষ্যা নদী দিয়ে বন্দর উপজেলার হরিপুরে বিদ্যুেকন্দ্রে যাওয়ার জন্য বিআইডব্লিউটিএর জাহাজ ও ঘাটে প্লাটুন স্থাপন করা হয়েছে। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড (সংযোগসড়ক), ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল, বন্দর-মদনগঞ্জ সড়কে সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। ভেন্যু এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।