প্রধানমন্ত্রী কাল যুক্তরাজ্য রওনা হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফরে কাল মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে কাল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।প্রধানমন্ত্রী বুধবার সকালে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তাঁকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এম সাইদুর রহমান খান অভ্যর্থনা জানাবেন।বুধবার তিনি হাউস অব কমনসের এক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। শেখ হাসিনা বৃহস্পতিবার অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘বিশ্ব শান্তি’ বিষয়ে ভাষণ দেবেন। পরের দিন আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিব ইফথিমিয়স মিট্রোপোলস শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাত্ করবেন। একইদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিবিসি, দ্য ডেইলি টেলিগ্রাফ ও এথনিক বাংলা মিডিয়াকে সাক্ষাত্কার দেওয়ার কথা রয়েছে।শেখ হাসিনা ২৯ জানুয়ারি হোটেল হিল্টনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক কাউন্সিল অধিবেশনে উপস্থিত থাকবেন। প্রবাসী বাংলাদেশিরা সেখানে বিকেলে তাঁর সম্মানে এক সংবর্ধনার আয়োজন করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।প্রধানমন্ত্রী ৩০ জানুয়ারি লন্ডন ত্যাগ করবেন এবং পরের দিন বিকেলে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাসস।