প্রধানমন্ত্রী কিছু না করেই নোবেল পেতে চান: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে বেশি উৎসাহী। এই পুরস্কার পেলে তিনি শান্ত হবেন। যদিও তিনি নোবেল পাওয়ার জন্য কিছুই করেননি। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূস নারীদের জন্য কাজ করেছেন। নিজ যোগ্যতাবলে নোবেল পুরস্কার পেয়েছেন।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার গুলশানের একটি রেস্টুরেন্টে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকার সম্মানীয় ব্যক্তিদের মর্যাদাহানী করছে। বিএনপি ক্ষমতায় গেলে সম্মানীত ব্যক্তিদের সম্মান দেবে।বিরোধীদলীয় নেতা বলেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূস অবৈধ হলে এই সরকারও অবৈধ। কেননা, এরা একটি অবৈধ সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, ‘নোবেল পুরস্কার পাওয়ার মতো কোনো কাজ প্রধানমন্ত্রী করেননি। তবে নির্যাতনের ওপর যদি কাউকে নোবেল দেওয়া হতো, তাহলে তিনি এই পুরস্কার পেতেন। বর্তমান প্রধানমন্ত্রী নারী নির্যাতন, বিরোধী দলকে দমন-নিপীড়নসহ সব ধরনের নির্যাতনে ব্যাপক ভূমিকা রেখেছেন।’খালেদা জিয়া দাবি করেন, এখন দেশে নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি। বিরোধী দলের রাজনৈতিক নারী কর্মীদেরও রাজপথে নির্যাতন চালানো হচ্ছে। একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে এ জন্য তাঁর লজ্জা পাওয়া উচিত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ কোথাও কোথাও নারী কর্মীদের ব্যবহার করছে মন্ত্রী-সাংসদ আর নেতাদের মনোরঞ্জনের জন্য। বর্তমান অবস্থা মোকাবিলায় তিনি নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।বিরোধীদলীয় নেতা বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা নারী। বিভিন্ন পরীক্ষায় মেয়েরা ফলাফল ভালো করছে। এর সবই ইতিবাচক। কিন্তু তার পরও নারীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এই সরকার তা বন্ধে একেবারেই উদাসীন। তিনি বলেন, নারীর উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। এ জন্য নারীদের বাইরে বেরিয়ে আসতে হবে। কাজ করতে হবে। আর সরকারকে মেয়েদের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাজমেরী এস এ ইসলাম, রাজিয়া আক্তার বানু, শাহেদা রফিক, আইনজীবী এলিনা খান, ফাহিমা নাসরিন, সাংবাদিক রোজি ফেরদৌস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।