প্রধানমন্ত্রী গিলানির বক্তব্য প্রত্যাহার চান কায়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানকে নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি। প্রধানমন্ত্রীকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে অনুরোধ করেছেন সেনাপ্রধান। আজ শনিবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় তিনি এ অনুরোধ জানান।বিতর্কিত ‘গোপন চিঠি (মেমো)’ নিয়ে সেনাবাহিনী ও সরকারের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই প্রথম আজ সেনাপ্রধান কায়ানির সঙ্গে বৈঠক করলেন প্রেসিডেন্ট জারদারি। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে অবশ্য আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রেসিডেন্টের একজন মুখপাত্র শুধু জানান, ‘বর্তমান নিরাপত্তা-পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে।’ পাকিস্তানের গণমাধ্যম জানায়, বিতর্কিত সেই গোপন চিঠি ও জাতীয় নিরাপত্তার বিষয়েই আলোচনা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সরকার ও সেনাবাহিনীর মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধানের এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও বিদেশি কূটনীতিকেরা।টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, প্রেসিডেন্ট হাসিমুখে কথা বলছেন সেনাপ্রধানের সঙ্গে। জারদারির সঙ্গে কায়ানি এর আগে সর্বশেষ কথা বলেন গত ১৬ ডিসেম্বর। জারদারি তখন চিকিত্সার জন্য দুবাই ছিলেন। দুজনের মধ্যে সেদিন কথা হয়েছিল ফোনে।ডন পত্রিকা জানায়, কায়ানির সঙ্গে জারদারির বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এ সময় বিতর্কিত সেই গোপন চিঠির বিষয়ে সম্প্রতি সেনাপ্রধান ও সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানকে নিয়ে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেন কায়ানি। ওই মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে তিনি জারদারির প্রতি অনুরোধ জানান।গত সোমবার চীন সফরের সময় এক সাক্ষাত্কারে গিলানি বলেন, গোপন চিঠির ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সেনাপ্রধান কায়ানি ও আইএসআইয়ের প্রধান আহমেদ সুজা পাশা সংবিধান লঙ্ঘন করেছেন। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের জবাবে সেনাবাহিনী গত বুধবার জানায়, প্রধানমন্ত্রীর মন্তব্য দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিবিসি, রয়টার্স ও ডন।