প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আজ বুধবার বিকেলে চীনে যাচ্ছেন। তাঁর সফরকালে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা চাওয়ার পাশাপাশি বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয় প্রাধান্য পাবে। তাঁর সফরকালে উন্নয়ন-সহায়তার বিষয়ে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি সই হবে। চীন সফরে প্রধানমন্ত্রী ৯১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী কাল বৃহস্পতিবার বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াওবাওয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। আলোচনা শেষে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, শাহজালাল সার কারখানা স্থাপন ও সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের লক্ষ্যে তিনটি চুক্তি সই হবে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চাওয়া হবে। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য কাজীরটেক সেতু, দ্বিতীয় মেঘনা সেতু, দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু, লেবুখালী সেতু, যমুনা নদীতে রেলসেতু, দোহাজারী থেকে গুনদুম পর্যন্ত রেললাইন স্থাপন, জ্বালানি উত্পাদন ও কৃষি। এ ছাড়া অতীতে চীন যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সহায়তার আশ্বাস দিয়েছিল সেগুলোতে আর্থিক সহায়তা চাওয়া হবে। চীন বাংলাদেশে একটি আন্তর্জাতিকমানের স্থায়ী প্রদর্শনী কেন্দ্র, প্রধান প্রধান জেলা শহর ও উপজেলায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছিল। যোগাযোগ স্যাটেলাইট স্থাপনেও চীনের সহযোগিতা চাওয়া হতে পারে। জানা গেছে, ঋণ মওকুফ-সংক্রান্ত একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। সময় স্বল্পতার কারণে জ্বালানি খাতে সহায়তার বিষয়ে চুক্তি শেষ পর্যন্ত সই হচ্ছে না। আঞ্চলিক সড়ক যোগাযোগ: দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ইয়াংগুন হয়ে চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত সড়ক যোগাযোগ চালুর বিষয়টি তোলা হবে। বিশেষ করে বাংলাদেশ এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দ্রুত ত্রিদেশীয় সড়ক যোগাযোগ চালু করতে চায় বর্তমান সরকার। সরকার মনে করে, চট্টগ্রাম-কুনমিং ত্রিদেশীয় যোগাযোগ ব্যবস্থার আওতায় মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা সহজ হবে। বাণিজ্য-বৈষম্য হ্রাস: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই দেশের বাণিজ্য-বৈষম্য দূর করার বিষয়টি বাংলাদেশ আলোচনায় তুলবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৪৫৮ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ আমদানি করেছে ৪৪০ কোটি ডলারের পণ্য। দুই দেশের মধ্যে ঘাটতির পরিমাণ ৩২০ কোটি ডলার। বাংলাদেশ চীন থেকে বস্ত্র, যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, সার, বীজ ও ভোগ্যপণ্য আমদানি করে। আর রপ্তানি করে পাট ও পাটজাত দ্রব্য, প্রক্রিয়াজাত চামড়া, চিংড়ি ও হিমায়িত খাদ্য।সফরসঙ্গী: চীন সফরে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, জ্যেষ্ঠ মন্ত্রী, সাংসদ, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। সফরসঙ্গীর তালিকায় আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন।