জনগণের টাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক-নির্বাচনী জনসভা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তরিকুল এই অভিযোগ করেন। ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ১৮ দলীয় জোট ঢাকা মহানগর ওই সমাবেশের আয়োজন করে। ২৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল।তরিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের রাজস্বের টাকায় প্রাক-নির্বাচনী জনসভা করছেন। জনসভা করছেন, করেন, আপত্তি নাই। দয়া করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।’দেশকে অরাজকতার দিকে ঠেলে না দিয়ে সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মুখপাত্র। তিনি বলেন, ‘না হলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে “নীল নকশার নির্বাচন” প্রতিহত করা হবে। সে নির্বাচন করতে দেওয়া হবে না।’প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে নিয়ে আওয়ামী লীগের বক্তব্যের সমালোচনা করে তরিকুল বলেন, ‘ছাত্রলীগ নিয়ে কথা বলায় এবিএম মূসা তাদের কাছে এখন পাগল হয়ে গেছেন। আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক তাদের কাছে পাগল, কাদের সিদ্দিকী রাজাকার, ড. মুহাম্মদ ইউনূস, আকবর আলি খান, ড. কামাল হোসেন সবাই তাদের কাছে খারাপ। আওয়ামী লীগের সালফিউরিক অ্যাসিড ছিটিয়ে দিলে তাঁরা ভালো হয়ে যাবেন। এই সালফিউরিক অ্যাসিড ছিটিয়ে দিলে রাজাকার মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যায়।’মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় বাকশাল গঠনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বলে জিয়াউর রহমান, এরশাদ স্বৈরশাসকেরা সংবিধান তছনছ করেছেন। কিন্তু কেউ বলেন না, সংসদের মাধ্যমে মাত্র ১১ মিনিটে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।তরিকুল অভিযোগ করেন, সরকার আদালতের দোহাই দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার জোরে একদলীয় নির্বাচন করে ২০২১ সাল বা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, জামায়াতের নেতা হামিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।