প্রধানমন্ত্রী জেনেভায় পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ১৬তম কংগ্রেস ও ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে আজ রোববার স্থানীয় সময় বেলা দুইটা ১০ মিনিটে জেনেভায় পৌঁছেছেন।প্রধানমন্ত্রী জেনেভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছলে রাষ্ট্রদূত এবং জাতিসংঘ ও অন্যান্য সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল হান্নান ও তাঁর স্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল কেম্পিনস্কিতে নিয়ে যাওয়া হয়। সুইজারল্যান্ড সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।প্রধানমন্ত্রী কাল সোমবার বিশ্ব আবহাওয়া কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন এবং পরের দিন ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মূল বক্তৃতা প্রদান করবেন। দুটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে যোগদান ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী ডব্লিউটিওর মহাপরিচালক পেসকাল ল্যামি, মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস এবং বাণিজ্য ও উন্নয়নসংক্রান্ত জাতিসংঘ সম্মেলনের মহাসচিব সুপাচাই পানিচপাকদির সঙ্গে বৈঠক করবেন।সরকারি সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ১৮ মে কানাডার উদ্দেশে জেনেভা এবং ২৪ মে ফ্রান্সের উদ্দেশে কানাডা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ২৬ মে প্যারিসে ‘গ্লোবাল ইনিশিয়েটিভস অন গার্লস’ অ্যান্ড উইমেন এডুকেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন।২৮ মে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ চৌধুরী, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও প্রেস সচিব আবুল কালাম আজাদ। বাসস।