প্রধানমন্ত্রী তিন দিনের সফরে কুয়েত গেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার তিন দিনের সরকারি সফরে কুয়েত গেছেন। কুয়েতের আমিরের পাঠানো বিশেষ বিমানে করে বেলা দুইটার দিকে তিনি ঢাকা ছাড়েন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, চিফ হুইপ আবদুস শহীদ, মত্স্য ও প্রাণিজসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, তিন বাহিনীর প্রধানেরা এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।প্রধানমন্ত্রী কুয়েত সফরকালে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাসহ ৭৩ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ। প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার কুয়েতের আমির সাবাহ আল আহমেদ আল-জাবের আল সাবাহর সঙ্গে বৈঠক করবেন।১০ ফেব্রুয়ারি ভোরে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।