প্রধানমন্ত্রী দেশ বিক্রি করে এসেছেন: খালেদা জিয়া
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্য ভারত সফরে বাংলাদেশকে বিক্রি করে এসেছেন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আজ রোববার এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন প্রথমে লিখিত বক্তব্য দেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সম্পাদিত চুক্তির সমালোচনা, সংসদে যাওয়ার বিষয় এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন সম্পর্কে কথা বলেন। এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী গোপন চুক্তি করে এসেছেন। এসব চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলনে নামবে। তবে কবে থেকে এই আন্দোলন শুরু করা হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। সংসদে যাওয়া প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, তাঁরা কখনোই বলেননি যে তাঁরা সংসদে যাবেন না। পরিবেশ সৃষ্টি হলেই বিএনপি সংসদে যাবে বলে উল্লেখ করেন।