প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের তেহরানে অনুষ্ঠিত ১৬তম ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।প্রধানমন্ত্রী তেহরান সফরকালে ন্যাম শীর্ষ সম্মেলনের মূল অধিবেশনে ভাষণ দেন। তিনি বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২০ জাতির সংগঠন ন্যামকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি পারস্পরিক শ্রদ্ধাবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গঠিত এই সংগঠনের প্রতিষ্ঠাতা নেতাদের স্বপ্ন ও নীতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী ন্যাম সম্মেলনে যোগদানের পাশাপাশি ভারত, ইরান, শ্রীলঙ্কা, নেপালসহ বিভিন্ন সদস্যদেশের রাষ্ট্র অথবা সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ফারুক খান, চিফ হুইপ আব্দুস শহীদ, মন্ত্রিপরিষদের সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা, তিন বাহিনীর প্রধানেরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।