প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজিয়েছেন: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বারোটা বাজিয়েছেন। তিনি কোনো কাজ করতে পারেন না। তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য কমাব কথা দিচ্ছি।’ আজ শনিবার বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।বিএনপি ক্ষমতায় গেলে গ্যাস ও বিদ্যুতের চাহিদা মেটাবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘পদ্মা সেতুর টাকা লুটপাট করা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত, তা বিশ্বব্যাংক বলেছে। আমরাও জানি, কারা জড়িত। ক্ষমতায় গেলে তাঁদের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’বিরোধী দলের নেত্রী বলেন, দেশে গ্যাসের চাহিদা মেটানো যাচ্ছে না। কিন্তু সরকার অন্য দেশে গ্যাস পাচার করছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব সত্তা নেই। ভোট চুরি করতে পারবে না বলেই সরকার নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করেনি তারা। তিনি বলেন, এ দেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেবে না।এর আগে পাবনার ঈশ্বরদীর দাশুরিয়াতে এক পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে একটা নয়, দুইটা পদ্মা সেতু হবে। একটা সেতু হবে মাওয়াতে, অন্যটা হবে পাটুরিয়ায়।খালেদা জিয়া বলেন, বিএনপি সরকারের অভিজ্ঞতা আছে। এ সরকারের কাজের অভিজ্ঞতা নেই। তাই ভালো কিছু করতে পারে না। বিরোধী দলের নেতা বলেন, সরকারের মাথা খারাপ হয়েছে। তাই হেমায়েতপুরের মানসিক হাসপাতালকে ঠিকঠাক রাখার জন্য তিনি পাবনার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।খালেদা জিয়া বলেন, সরকারকে ধান ও পাটের দাম কৃষকের উত্পাদন পর্যায়ের খরচের চেয়ে বেশি নির্ধারণ করতে হবে। তিনি মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এটি না হলে কৃষক বাঁচবে না।বিএনপির নেত্রী আরও বলেন, শেয়ারবাজার নিয়ে সরকার লুটপাট করছে। শেয়ারবাজারে যারা দুর্নীতি করছে, তারা সরকারের নিজেদের লোক। তাই শেয়ারবাজারের অপরাধীদের নাম প্রকাশ করা হচ্ছে না।দ্রব্যমূল্য প্রসঙ্গে খালেদা বলেন, ‘জিনিসপত্রের দাম এমন পর্যায়ে যে দেশের মানুষকে ভাত, লবণ খেয়ে থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ নাই।’ দেশ চুয়াত্তরের দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আজ সকাল সাড়ে ১০টা থেকে খুলনা অভিমুখে রোডমার্চ শুরু হয়েছে। কাল রোববার খুলনার সার্কিট হাউস মাঠে জনসভার মধ্য দিয়ে রোডমার্চ শেষ হবে।সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে থেকে রোডমার্চের যাত্রা শুরু হয়। কুষ্টিয়ার জনসভার পরে ঝিনাইদহ ও যশোর হয়ে রোডমার্চটি খুলনা পৌঁছবে। এবারের রোডমার্চে তিনটি পথসভা ও দুটি জনসভায় ভাষণ দেওয়ার কথা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার। সময় থাকলে কাল রোববার বাগেরহাটের খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করার পরিকল্পনাও রয়েছে তাঁর।কর্মসূচি অনুযায়ী, পাবনার পথসভার পরে বিকেল তিনটায় কুষ্টিয়ার ডিগ্রি কলেজের মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। আজ যশোর সার্কিট হাউসে রাতযাপন করবেন খালেদা জিয়া। রোববার বেলা ১১টায় যশোর ঈদগাহ ময়দানে পথসভা হবে। এরপর বেলা সাড়ে তিনটায় খুলনা সার্কিট হাউস মাঠে সর্বশেষ জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। জনসভা শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট এই রোডমার্চ কর্মসূচি পালন করছে। এর আগে ১০ অক্টোবর সিলেট অভিমুখে ও ১৮ অক্টোবর উত্তরাঞ্চল অভিমুখে রোডমার্চ অনুষ্ঠিত হয়।