প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ গেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ গেছেন। এর পর তিনি সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার জানান, প্রধানমন্ত্রী এর পর শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে অবস্থিত বন্দর উপজেলার হরিপুরে ৩৬০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। এছাড়া তিনি বন্দর উপজেলার মদনগঞ্জে সামিট গ্রুপের ১০২ মেগাওয়াট কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন। বিকেলে প্রধানমন্ত্রীর মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসক মো. সামছুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।