প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছাবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে গতকাল শনিবার সকাল আটটা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানযোগে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদের সচিব, তিন বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তারা।প্রধানমন্ত্রী নিউইয়র্কের পথে গতকাল ব্রাসেলসে যাত্রাবিরতি করেন। সেখানে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান স্থানীয় সময় দুপুর দুইটায় তাঁকে ব্রাসেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অভ্যর্থনা জানান।আজ বিকেলে তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। এদিন সন্ধ্যায় তিনি জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বাংলাদেশ ও মালদ্বীপের যৌথ উদ্যোগে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। আগামীকাল তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ে উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দেবেন। জাতিসংঘ ১০ বছর আগে ২০১৫ সাল পর্যন্ত এমডিজি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। একই দিন সন্ধ্যায় তিনি সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া নারীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর স্বল্পোন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের এক প্রাতরাশ বৈঠক এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যালোচনাসংক্রান্ত সার্ক নেতাদের বৈঠকে অংশ নেবেন। তিনি ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন।নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী এশিয়া সোসাইটি ও যুক্তরাষ্ট্র চেম্বারের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় সম্মেলনে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত দুটি অনুষ্ঠানে যোগ দেবেন।যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনায়ও তিনি যোগ দেবেন। এ ছাড়া বিবিসি, ভয়েস অব আমেরিকা (বাংলা সার্ভিস), আল-জাজিরা, টাইম ও নিউজউইক ম্যাগাজিনের মতো আন্তর্জাতিক মানের সংবাদমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দেবেন।