প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য গতকাল রোববার নিউইয়র্কে পৌঁছেছেন। বাংলাদেশ সময় গতকাল মধ্যরাতে তিনি ব্রাসেলস থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী গত শনিবার সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাত্রাবিরতি করেন। খবর বাসসের।প্রবাসীদের বিনিয়োগের আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বেশি করে বিনিয়োগ করার জন্য ইউরোপ-প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ব্রাসেলসে শনিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনীতিকে গতিশীল রাখতে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে প্রবাসীদের কার্যকর বিনিয়োগ নিশ্চিত হবে। শেখ হাসিনা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জনগণ তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর সরকারের ওপর দায়িত্ব দিয়েছে।প্রবাসী বাংলাদেশিরা ভোটার তালিকায় প্রথমবারের মতো প্রবাসীদের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন-এ বিশ্বের শীর্ষ ১০ নারী নেতার মধ্যে ষষ্ঠ অবস্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তাঁরা।সর্ব-ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনিল দাস গুপ্ত, আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার উপদেষ্টা সুলতান শরিফ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপ প্রেস সচিব মাহবুবুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা এ গনি, অধ্যাপক হাসেম ও অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।শিশুমৃত্যু হ্রাসের জন্য পদক গ্রহণ করবেন হাসিনা: নিউইয়র্ক প্রতিনিধি জানান, স্থানীয় সময় রোববার বেলা দেড়টায় নিউইয়র্কের জন কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছার কথা। সফরের প্রথম দিনই শেখ হাসিনা বাংলাদেশে শিশুমৃত্যু হ্রাসের জন্য একটি পদক গ্রহণ করবেন।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে শিশুমৃত্যু হ্রাসে গত এক দশকে বাংলাদেশের সাফল্যের এটা এক আন্তর্জাতিক স্বীকৃতি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক গ্রহণ করবেন। জাতিসংঘের শিশুমৃত্যু-সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে শিশুমৃত্যু হ্রাসে বাংলাদেশের সাফল্য অনুকরণীয় হয়ে উঠেছে বিশ্বের কাছে। এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন গত শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত তুলে ধরেন।সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশন শুরু আজ: বৈশ্বিক কর্মসূচিতে নতুন করে বিশ্বের গুরুত্বারোপের লক্ষ্য নিয়ে আজ সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশন শুরু হচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিরা এতে যোগ দেবেন। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় এ শীর্ষ সম্মেলনে দারিদ্র্য ও প্রতিরোধযোগ্য মৃত্যুহার হ্রাস, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) বিলম্ব ও ঘাটতি কাটিয়ে ওঠার উদ্দেশ্যে কৌশল পরিবর্তনের প্রস্তাব এবং এমনকি বিমানের টিকিটের ওপর কর, ইন্টারনেট, মোবাইল ফোন ও আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫ সেপ্টেম্বর শনিবার বিকেলের অধিবেশনে বক্তব্য দেবেন। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হবে সরকার এবং রাষ্ট্রপ্রধানদের বক্তৃতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার তাঁর বক্তব্য দেবেন।