প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ব্রাসেলসে কয়েক ঘণ্টার যাত্রাবিরতির পর আগামীকাল রোববার সকালে নিউইর্য়কে পৌঁছাবেন।সকাল সোয়া আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকা ছেড়ে যান। এ সময় তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ ২৬ জনের সফরসঙ্গী ছিলেন।উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন ১০২ জন। বাকি সফরসঙ্গীরা আজ রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বাংলাদেশ ও মালদ্বীপের যৌথ উদ্যোগে আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন। আগামী সোমবার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) সম্পর্কিত এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। সে দিন দারিদ্র্য, ক্ষুধা ও লিঙ্গ-সমতার চ্যালেঞ্জ মোকাবিলা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এমডিজি বিষয়ে ছয়টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। একটি অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সভাপতিত্ব করার কথা রয়েছে।শেখ হাসিনা আগামী ২১ সেপ্টেম্বর এমডিজি বিষয়ে স্বল্পোন্নত দেশগুলোর প্রধানদের প্রাতরাশ বৈঠকে যোগ দেবেন। এই অধিবেশনে সভাপতিত্ব করবে নেপাল।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দেবেন। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দিয়েছিলেন।